চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফলক দেব জানান, ভোরে দোকানে যাওয়ার পথে তাঁরা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তিনি বলেন, আগের দিন পুকুরের পাশে এক নারীকে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছিলেন স্থানীয় কয়েকজন। মরদেহটি ওই নারীর হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











