প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া থেকে এর প্রতিষ্ঠাতা সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচরদের তৎপরতার নতুন নতুন খবর আসছে। কিন্তু কীভাবে যুক্তরাষ্ট্রের মতো বড় সামরিক ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশে চীন গোয়েন্দা তৎপরতা চালাতে পারছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখা ভালো, হলিউডের চলচ্চিত্র ‘জেমস বন্ড’ বা ‘মিশন ইম্পসিবল’-এর কায়দায় বাস্তবে ‘স্পেশাল এজেন্টদের’ তৎপরতা এ যুগে আর এত সহজ নয়। তথ্য সংগ্রহের নিত্যনতুন কৌশলের কথা সামনে এসেছে এখন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে চীনা গুপ্তচরদের তথ্য সংগ্রহের এমন এক অভিনব কৌশলের কথা উঠে এসেছে। ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন তুলে ধরেছে, কীভাবে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের নামে চাকরির বিজ্ঞাপন দিয়ে মার্কিন সরকারি কর্মকর্তাদের কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টা করে চীনের গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের মাটিতে চীনের গোয়েন্দা নেটওয়ার্কের কথা আগেই জানতেন সংশ্লিষ্টরা। তবে চীনের এই চক্রের তৎপরতা আগে যতটা ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি বিস্তৃত।
কেবল সরকারি কর্মকর্তা নয়, তথ্যের জন্য চীনের গোয়েন্দা নেটওয়ার্কের টার্গেট এখন যুক্তরাষ্ট্রের সাংবাদিক এবং বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তারাও। মোট কথা, ভালো বেতনে পরামর্শক নিয়োগের কথা বলে তাদেরই ফাঁদে ফেলা হচ্ছে যাদের কাছে মূল্যবান তথ্য থাকতে পারে বলে ধারণা করা হয়।
চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দেয়। এই সাইটগুলো ভুয়া পরামর্শক চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বলে দাবি এফবিআইয়ের। ওয়াশিংটনের থিংকট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজের (এফডিডি) জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার এ ধরনের শতাধিক ডোমেইন শনাক্ত করেছেন। গত বছরের নভেম্বরে তিনি সেগুলোর তথ্য প্রকাশ্যে আনেন। লেসার বলেন, এফবিআইয়ের বন্ধ করা ১৩টি সাইট আসলে হিমবাহের চূড়া মাত্র। বাস্তবতা আরও ভয়ানক।
এফবিআইয়ের এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপের সবকিছু প্রকাশ্যে নাও আসতে পারে। অন্যদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তাঁর ভাষ্য, ‘চীনা গুপ্তচর’ আখ্যান ছড়িয়ে চীনকে হেয় করার চেষ্টার বিরোধী বেইজিং।
একদিকে ছাঁটাই, অন্যদিকে টোপ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর প্রথম বছরেই ছাঁটাই ও পদত্যাগসহ নানা কারণে কয়েক লাখ মানুষ ফেডারেল সরকারের চাকরি ছেড়েছেন। গত কয়েক দশকের মধ্যে এত বিশাল সংখ্যক সরকারি কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটেনি। এতে ওয়াশিংটনের বহু চাকরিজীবী বেকার হয়ে পড়েন, যারা একসময় সরকারের স্পর্শকাতর বিভাগগুলোতে কাজ করতেন। অনেকেরই ছিল নিরাপত্তা ছাড়পত্র।
সিএনএন-এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীন ও রাশিয়া তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে এসব মানুষের দিকে নজর দিতে বলেছে। বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন বা হারানোর আশঙ্কায় ছিলেন, তাদের লক্ষ্যবস্তু করেছে তারা।
যুক্তরাষ্ট্রের এক সাবেক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা এমন একটা দুর্বলতা তৈরি করেছি, যার কোনো প্রয়োজনই ছিল না।’ তাঁর মতে, কোনো সরঞ্জাম ছাড়াই হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষ এখন বিদেশের গোয়েন্দাদের নাগালের মধ্যে চলে এসেছে।
ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা পরিষদের কাউন্টারইন্টেলিজেন্স পরিচালক ছিলেন হোল্ডেন ট্রিপলেট। তিনি বলেন, সরকার চাইলে সাবেক কর্মীদের যেকোনো কোম্পানি সম্পর্কে বিনামূল্যে ব্যাকগ্রাউন্ড চেকের সুযোগ দিতে পারত। তাঁর অভিযোগ, চাকরি ছাড়ার পর এসব কর্মীর জন্য নিরাপত্তার কোনো ব্যবস্থা থাকে না।
জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ওডিএনআই) এক কর্মকর্তা বলেন, বর্তমান ও সাবেক কর্মীরা যেন নিজেদের ঝুঁকি বুঝতে পারেন এবং সন্দেহজনক যোগাযোগের বিষয়ে জানাতে পারেন, সে জন্য সহায়তা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থার কাউন্টারইন্টেলিজেন্স কেন্দ্র এ বিষয়ে একাধিক সতর্কবার্তাও প্রকাশ করেছে। কয়েকটিতে অনলাইনে পেশাগত যোগাযোগের নামে কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
যেভাবে কাজ করে এই চক্র
আদালতের নথি অনুযায়ী, এসব প্রতিষ্ঠান প্রায় একই কৌশলে কাজ করে। প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চুরি করা পরিচয় ব্যবহার করে আকর্ষণীয় করপোরেট ওয়েবসাইট তৈরি করা হয়। এরপর লিংকডইনের মতো পেশাজীবী নেটওয়ার্কে চীনসংক্রান্ত বিষয়ে পরামর্শকের পদে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে কাজের বিবরণ থাকে অস্পষ্ট।
সাবেক সরকারি কর্মকর্তা বা বেসরকারি পরামর্শকেরা এসব পদে আবেদন করেন। কখনো কখনো তাঁরা গবেষণা প্রতিবেদনও তৈরি করে দেন। প্রশ্ন হচ্ছে, গবেষণা প্রতিবেদন চীনের কী কাজে লাগে?
এফবিআইয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলছেন, একটি প্রতিবেদন থেকে বেইজিং হয়তো তেমন কিছু জানতে পারে না। কিন্তু বিভিন্ন বিষয়ে ডজন ডজন বা শত শত প্রতিবেদন একসঙ্গে বিশ্লেষণ করলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তানীতি ও তার দুর্বলতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টারইন্টেলিজেন্স ও সাইবার বিভাগের প্রধান ড্যানিয়েল ভিয়ের্জবিকি বলেন, এসব তথ্য চীনের হাতে থাকা অন্য গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখলে বেইজিং যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত বা অর্থনৈতিক সুবিধা পেতে পারে। চীনকে তিনি ‘অত্যন্ত সক্ষম প্রতিপক্ষ’ হিসেবে বর্ণনা করেন। তাঁর ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় চীন আরও পরিশীলিত হয়ে উঠছে।
তবে এই কৌশল নতুন নয়। ২০১৮ সালে সিঙ্গাপুরের নাগরিক ডিকসন ইয়েও ভুয়া কোম্পানি খুলে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞাপনে সাড়া দেওয়া আবেদনকারীদের ৯০ শতাংশই ছিলেন নিরাপত্তা ছাড়পত্রধারী সামরিক বা সরকারি কর্মী। চীনা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করার পর ইয়েওর ১৪ মাসের কারাদণ্ড হয়।
সিএনএন ও এফডিডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে যখন যুক্তরাষ্ট্রে ব্যাপক ছাঁটাই চলছিল, তখনও এ ধরনের তৎপরতা জোরালো ছিল। মার্কিন কর্মকর্তাদের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি এবং লিংকডইনের মতো প্ল্যাটফর্মের জনপ্রিয়তা এই ফাঁদকে আরও কার্যকর করেছে। লিংকডইনের এক মুখপাত্র জানান, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা বা পরিচয় গোপন করা তাদের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ ধরনের অপব্যবহার শনাক্ত করতে তারা কাজ চালিয়ে যাবে।
সমস্যাটি শুধু যুক্তরাষ্ট্রের নয়। জুনে ‘ফাইভ আইজ’ গোয়েন্দা জোটের সদস্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য সতর্ক করে বলেছে, ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা কিছু তথ্য সম্মুখসারির সেনা বা অন্য কর্মীদের প্রাণ ঝুঁকিতে ফেলতে পারে। এসব তথ্য অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত করতে পারে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগও তৈরি করতে পারে।
ওয়েস ব্রায়ান্টের অভিজ্ঞতা
চীনের এই টোপের কথা বুঝতে পেরে সন্দেহভাজন গুপ্তচরদের পরিচয় যাচাই করারও চেষ্টা করেছেন কেউ কেউ। তাদেরই একজন ওয়েস ব্রায়ান্ট। তিনি পেন্টাগনে সামরিক অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানোর একটি দপ্তরে কাজ করতেন। ২০২৫ সালের বসন্তে ওই দপ্তরে ছাঁটাই নিয়ে গণমাধ্যমে সমালোচনার পর তিনি পদত্যাগে বাধ্য হন। সাবেক এই বিমানবাহিনীর মাস্টার সার্জেন্ট ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন।
ব্রায়ান্ট সিএনএনকে বলেন, দেশে তাঁর সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে ক্ষোভ ছিল। কিন্তু এরপরও তিনি নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, সেটা কল্পনাও করেন না।
২০২৫ সালের জানুয়ারিতে তাঁর কাছে হঠাৎ একটি ইমেইল আসে। প্রেরক নিজেকে মালয়েশিয়ার মার্ডা (এমআরডিএ) নামের একটি থিংকট্যাংকের প্রতিনিধি বলে পরিচয় দেন। ইমেইলে ব্রায়ান্টের সামরিক অভিজ্ঞতার প্রশংসা করা হয়। মালয়েশিয়া ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা জোরদারে তাঁর সহযোগিতাও চাওয়া হয়।
তখন তিনি পেন্টাগনে কর্মরত ছিলেন। তাই ইমেইলটির জবাব দেননি। দুই মাস পর তাঁর কাজের প্রয়োজন পড়ে।
ব্রায়ান্ট প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে পেন্টাগনের সাবেক সহকর্মীদের কাছেও জানতে চান। ট্রাম্প প্রশাসন অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে কী করতে পারে, সে বিষয়ে তিনি একটি সাধারণ প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনটিতে শুধু প্রকাশ্য তথ্য ব্যবহার করেন।
মার্ডার প্রতিনিধি ‘লিলি’ এই কাজের জন্য তাঁকে ১ হাজার ২০০ ডলার দেন। পরে লিলি জানান, নাম না-বলা ক্লায়েন্ট প্রতিবেদনটি পড়ে আরও উন্নত করার সুযোগ আছে বলে মনে করছেন। ব্রায়ান্টের সন্দেহ হয়, তাঁর কাছ থেকে আরও সংবেদনশীল তথ্য আদায়ের চেষ্টা চলছে।
প্রায় একই সময়ে সাবেক সহকর্মীরা তাঁকে জানান, মার্ডা নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। লিলি আরও কয়েকজন পেন্টাগন কর্মীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। ব্রায়ান্ট এরপর লিলির পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করলে তিনি আর তেমন সাড়া দেননি। মন্তব্য জানতে সিএনএন লিলি ও মার্ডার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।
লেসারের বিশ্লেষণে দেখা গেছে, মার্ডার ওয়েবসাইটে চীনা ভাষার ফন্ট রয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রতিনিধির পোস্ট করা ছবিতে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম রেডনোটের ওয়াটারমার্কও পাওয়া গেছে। পেন্টাগনের এক কর্মকর্তাকে পারিশ্রমিকের বিনিময়ে কাজের প্রস্তাব দেওয়ার বিষয়টি মিলিয়ে লেসারের ধারণা, প্রতিষ্ঠানটি চীনা গোয়েন্দা অভিযানের অংশ হতে পারে।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক রেবেকা ব্রাউন বলেন, মার্ডা যে ভুয়া, তা নিয়ে তাঁর ‘কোনো সন্দেহ নেই’। তবে চীনা সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কের চূড়ান্ত ডিজিটাল প্রমাণ না পাওয়ায় সিটিজেন ল্যাব একে ‘সম্ভবত চীনসংশ্লিষ্ট’ বলে উল্লেখ করছে।
সূত্র: সিএনএন











