ভারতে সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে পরিচালিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
গতকাল সোমবার বাদে আসর হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার আহবানে মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির এসব কথা বলেন। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। এসময় তিনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী জুমাবার চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে তা বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মীর মোহাম্মদ ইদ্রিস। বক্তব্য দেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব,
মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মো. ঈসা, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা জমির উদ্দিন, মোরশেদ আলম, মাওলানা হাফেজ মহিউদ্দিন, আবু তাহের রাজিব, রাশেদ আলম, মাওলানা মাসউদ আলম চৌধুরী, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান, মাওলানা জাকারিয়া প্রমুখ।














