খাগড়াছড়িতে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ

চলতি মাসে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১২ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। জ্বর, সর্দি–কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। চলতি মাসে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর চাপ বাড়ায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ১৫ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে কয়েকগুন বেশি। শয্যা সংকটে অনেক শিশুকে বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রিয়াঙ্কা রানী ভৌমিক বলেন, জেলা সদর হাসপাতাল খাগড়াছড়িতে এই মাসের আজকে ১৯ তারিখ পর্যন্ত ডেইলি আমাদের ২০ থেকে ২৫ জন গড়ে ভর্তি হচ্ছে। তার ভিতর থেকে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু ঘটেছে বিভিন্ন রোগে এবং নিউমোনিয়া রোগে এ পর্যন্ত প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে। মায়েদের জন্য এটাই পরামর্শ থাকবে যেহেতু এখন ঠান্ডা গরম দুইটাই একসাথে আমরা ফিল করছি, তো একটু সচেতন থাকবেন বাচ্চাদের ক্ষেত্রে যেন তারা ঘেমে না যায় এবং সাথে সাথে যদি তার হাত পা ঠান্ডা থাকে অবশ্যই তাকে গরম জামা কাপড় পরাবেন এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য অনুরোধ থাকবে।

হাসপাতালে আসা বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর স্বজন নিফুলা ইয়াসিন বলেন, বাচ্চার কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা। জ্বরটা খুব বেশি। গতকাল (বুধবার) হাসপাতালে ভর্তি করেছি। এখন কিছুটা সুস্থ। আগের তুলনায় ভালো আছে। আরেক অভিভাবক ফারজানা ইয়াসমিন বলেন, বাচ্চা জ্বর, সর্দি, কাশি। আগের তুলনায় বাচ্চা ভালো আছে। তবে চিকিৎসক বলেছে আরো কয়েকদিন থাকার জন্য। এখনই হাসপাতাল থেকে ডিসচার্জ করবে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ২৫০ শয্যায় উন্নীত হলেও এখনো ১০০ শয্যার জনবল দিয়ে চলছে চিকিৎসাসেবা। ফলে সেবা দিতে হিমশিম খাচ্ছে তারা। হাসপাতালের নতুন ভবনের কাজ শেষে রোগীদের ভোগান্তি কমবে বলে আশা চিকিৎসকদের।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, বর্তমানে শীতের মৌসুম শুরু হয়ে গেছে। শীত শুরু হওয়ার পর থেকে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যারা আসতেছে তারা ম্যাঙ্মিাম সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের একটু ঝামেলায় পড়তে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিককুমার ঘটক স্মারক বক্তৃতা আজ
পরবর্তী নিবন্ধঘুমধুম সীমান্তে ‘ইয়াবা ডন’ মিজান গ্রেপ্তার