জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৩ শতাধিক শ্রমিককে হত্যা করেছে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে নগর জামায়াত আমির

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার দমনপীড়নে জুলাই গণঅভ্যুত্থানে ৩ শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন। প্রকৃত শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতিতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

তিনি গতকাল সোমবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জুলাই মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ ইসহাক এবং নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতিসংঘের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১ হাজার ৪০০এর বেশি উল্লেখ করা হলেও সরকারি গেজেটে এখনো ৯০০এরও কম নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিভিন্ন তথ্যউপাত্ত অনুযায়ী প্রকৃত শহীদের সংখ্যা আরও বেশি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল শহীদ, আহত, পঙ্গুত্ববরণকারী ও নির্যাতিতদের তালিকাভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ফেডারেশনের মহানগর সহসভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, খুলশী থানা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ফেডারেশনের মহানগর সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশু কিডনি রোগে জেনেটিক্স বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার