শিশুদের জেনেটিক বা বংশগত বিরল ও কিডনি রোগের ক্ষেত্রে সময়মতো জিনগত রোগ নির্ণয় ও জেনেটিক কাউন্সেলিং এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের কনফারেন্স হলে শিশু কিডনি রোগে জেনেটিক্স বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু নেফ্রোলজি বিভাগ ও নিউরোজেন হেলথকেয়ার যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে সভাপতিত্ব করেন শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সনৎ কুমার বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুর রব, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদা এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া। সেমিনারে বংশগত বিরল ও কিডনি রোগের উপর বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মারুফ–উল–কাদের।
সেমিনারে শিশুদের কিডনি রোগে বংশগত ভূমিকা, বিরল রোগের জেনেটিক কারণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় এবং বাংলাদেশে বাস্তব রোগীর অভিজ্ঞতার আলোকে ক্লিনিক্যাল চিকিৎসায় জেনেটিক কাউন্সেলিংয়ের প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।












