স্থানীয় নির্বাচনে মেধাবী যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

মহানগরী জামায়াতের যুব কর্মী শিক্ষাশিবিরে অধ্যক্ষ নুরুল আমিন

| শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব বিভাগের উদ্যোগে যুব কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগর জামায়াতের কার্যালয়স্থ বিআইএ মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান। বক্তব্য দেন, পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুফিজুল হক ও চান্দগাঁও থানা জামায়াত নেতা ড. জাকির হোসেন হাওলাদার। প্রধান অতিথি বলেন, স্থানীয় নির্বাচনে যুবকদের অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিতে পারে। সমাজের বিভিন্ন স্তরে যুবকদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

তিনি যুব কর্মীদের স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে অবগত হওয়া এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের একটি প্রক্রিয়া নয়, বরং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কাজ করার এবং তাদের কল্যাণে ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই যোগ্য, সৎ ও দায়িত্বশীল যুবকদের জনসম্পৃক্ত কার্যক্রমে এগিয়ে আসতে হবে। পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধ৬ মাসে হাফেজ হল ১২ বছরের বালক