মহাকাশে ভারত পাকিস্তানকে যেভাবে মিলিয়ে দিল ইকবালের কবিতা

আজাদী অনলাইন ডেস্ক | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে বুধবার পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী আবৃত্তি করলেন দেশটির জাতীয় কবি মুহাম্মদ ইকবালের দুই পঙ্‌ক্তি।

নীল ফ্লাইট স্যুটে সবুজ-সাদা পাকিস্তানি পতাকা, চারপাশে পাঁচ চীনা সহযাত্রী। ভাসমান অবস্থায় আলী বললেন:

সিতারোঁ সে আগে জাহাঁ আউর ভি হ্যাঁয়

আভি ইশক কে ইমতিহাঁ আউর ভি হ্যাঁয়

দুই পঙ্‌ক্তির মাঝখানে তিনি একটু থামেন, নিজেকে স্থির রাখার চেষ্টায় শুরুর অংশ আবার বলেন, তারপর কবিতা শেষ করেন। এরপর সাবলীলভাবে মান্দারিনে সহযাত্রীদের অর্থ বুঝিয়ে দেন: “তারাদের ওপারে অগণিত জগৎ রয়েছে, সামনে আরও অসংখ্য পরীক্ষা অপেক্ষা করছে।” ধন্যবাদ জানিয়ে তিনি হাসলে ক্রুরা করতালি ও উল্লাসে ফেটে পড়েন, তারপর ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরেন, চলে হাসাহাসি।

কবি আল্লামা ইকবাল। ছবি: সংগৃহীত

এই প্রথম নয়

মহাকাশে ইকবালের কবিতা এর আগেও এসেছে, দুবারই ভারতের প্রেক্ষাপটে।

প্রথমবার ১৯৮৪ সালে। ৩ এপ্রিল সোভিয়েত সয়ুজ টি-১১ অভিযানে মহাকাশে যান ভারতের প্রথম মহাকাশচারী, বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা। সালিউত-৭ স্টেশনে তিনি প্রায় আট দিন ছিলেন। সেই মাসে টেলিভিশনে সম্প্রচারিত আলাপে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানতে চান, “ওপর থেকে ভারত কেমন দেখায় আপনার কাছে?” শর্মা উত্তর দেন, “বিনা দ্বিধায় বলতে পারি, সারে জাহাঁ সে আচ্ছা (সারা বিশ্বের চেয়ে ভালো)।”

এই জবাব ছিল ইকবালের ১৯০৪ সালে লেখা ‘তারানা-ই-হিন্দি’র পঙ্‌ক্তির দিকে ইঙ্গিত: “সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তাঁ হামারা” (সারা বিশ্বের চেয়ে ভালো আমাদের হিন্দুস্তান)। পরে গান হিসেবে গাওয়া এই রচনা ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগীত ছিল। এটি এখনো দেশটির সবচেয়ে জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর একটি; বড় অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ব্যান্ড প্রায়ই এটি বাজায়।

দ্বিতীয়বার ১৯৯৭ সালে। হরিয়ানায় জন্ম নেওয়া কল্পনা চাওলা ১৯ নভেম্বর মার্কিন মহাকাশযান কলম্বিয়ায় প্রথমবার মহাকাশে যান। ওই যাত্রার সময় তাঁর সঙ্গে কথা বলেন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল। বর্তমান পাকিস্তানের ঝিলামে জন্ম নেওয়া গুজরাল উর্দুতে সাবলীল ও কবিতাপ্রেমী ছিলেন। তিনি বলেন, “উপমহাদেশের খুবই পরিচিত এক কবি ইকবালের একটি কথা আছে।” এরপর তিনি আলীর আবৃত্ত কবিতার প্রথম পঙ্‌ক্তিটিই বলেন এবং জানতে চান, “তারাদের ওপারে জগৎ আছে। আর এখন আপনি সেগুলো দেখেছেন। কেমন লাগছে?”

চাওলা জবাবে বলেন, “এটা খুবই বিশেষ এক অনুভূতি… আপনি যা বলছেন, তা সেখানে আক্ষরিক অর্থেই সত্যি হয়ে ওঠে।” তিনি আরও বলেন, “এ যেন কালো আকাশের একটি গম্বুজ, চারদিকে তারা। ঠিক যেন গল্পের বই।” ২০০৩ সালে দ্বিতীয় মহাকাশ অভিযানে ফেরার পথে মহাকাশযানটি ভেঙে পড়লে চাওলা সহযাত্রীদের সঙ্গে মারা যান।

কে ছিলেন ইকবাল

কবি, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ ইকবালের ভাবনা বিশ শতকের গোড়ার দিকে দক্ষিণ এশিয়ার মুসলিম রাজনীতিকে প্রভাবিত করেছিল। ১৮৭৭ সালের ৯ নভেম্বর তিনি ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে পড়াশোনা করে তিনি আইনশাস্ত্রে যোগ্যতা অর্জন করেন এবং দর্শনে ডক্টরেট করেন। দক্ষিণ এশিয়ায় তিনি ‘আল্লামা’ (জ্ঞানী) নামে পরিচিত।

তিনি লিখেছেন মূলত ফার্সি ও উর্দুতে। ফার্সি কবিতার সুবাদে ইরানেও তাঁর স্থায়ী পাঠকগোষ্ঠী আছে; সেখানে তাঁকে বলা হয় ‘ইকবাল-ই-লাহোরি’।

১৯৩০ সালে এলাহাবাদে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতির ভাষণে তিনি পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে নিয়ে একটি স্বশাসিত রাষ্ট্রের প্রস্তাব দেন, ব্রিটিশ সাম্রাজ্যের ভেতরে অথবা বাইরে। ভাষণে তিনি ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করেননি, তবে প্রস্তাবটিকে পরে দেশটির সৃষ্টির বৌদ্ধিক ভিত্তি হিসেবে গণ্য করা হয়। পাকিস্তানে তিনি প্রায়ই দেশটির স্বপ্নদ্রষ্টা হিসেবে বর্ণিত হন। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে তাঁর মৃত্যু হয়, ১৯৪৭ সালে দেশভাগের মাধ্যমে পাকিস্তান সৃষ্টির নয় বছর আগে।

সূত্র: আল-জাজিরা (আবিদ হুসাইনের প্রতিবেদন, ২৬ নভেম্বর ২০২৬)

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসন প্রক্রিয়ায় সুশাসন আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে