সন্ত্রাসী ‘রায়হান’ অধরা, তবে সন্ধান মিলেছে তাঁর ব্যবহৃত পিস্তল ও অস্ত্র কারখানার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৪:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তাঁর সহযোগীদের আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পর ধারাবাহিক অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় রায়হানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ইতালির তৈরি একটি ৭ পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক, ১২টি শটগানের কার্তুজ ও দুটি খালি খোসা। এ ছাড়া অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইকতিয়ার ফরহাদ, মো. মহররম আলী, জনার্দন দে ও জাবেদ হোসেন।

গত ২২ নভেম্বর থেকে ভূজপুরের সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু করে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিন। পুলিশের ধারণা, ওই পাহাড়ি এলাকায় অবস্থান করে রায়হান ও তাঁর সহযোগীরা অস্ত্র তৈরি করত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পাহাড়ের আরও গভীরে সরে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একই দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন রায়হান ও তাঁর সহযোগীরা। সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাঁদের গতিরোধের চেষ্টা করলে তাঁরা গুলি ছোড়েন। এতে ছয়জন আহত হন। ওই ঘটনায় সহযোগীদের বহনকারী সিএনজিচালক জাবেদ হোসেনকে স্থানীয় লোকজন আটক করেন।

এ ঘটনার পর রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে রাতভর অভিযান চালায় ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট বসিয়েও তাঁদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়।

এরপর গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূজপুর থানার কাজীরহাটসংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও শটগানের ১০টি সিসার কার্তুজ উদ্ধার করা হয়।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেখানো মতে বাড়ির একটি শোবার ঘর থেকে একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বন্দুকটি এজাহার মিয়ার এবং গুলিগুলো রায়হানের।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে রায়হানের সহযোগী মো. মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে উদ্ধার করা হয় রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭ পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি। পুলিশের ভাষ্য, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান ওই বাড়িতে অবস্থান করেছিলেন। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি সহযোগী মহররমের কাছে রেখে যান।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্দন দেকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে আরেকটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র সরিয়ে ফেলায় উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হান চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ পলাতক অপরাধীদের একজন। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে দেড় ডজনের বেশি মামলা রয়েছে। তিনি বিদেশে পলাতক বড় সাজ্জাদ ও কারাবন্দী ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পুলিশের ভাষ্য, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির পাহাড়ি এলাকা সম্পর্কে তাঁর ভালো ধারণা রয়েছে। এ ছাড়া বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘সকালে পূজা দিতে এসে দেখি মন্দিরের ঘণ্টা নেই, ঠাকুরের গায়ের সব গয়না উধাও’
পরবর্তী নিবন্ধফুটপাত দখলদারদের বিরুদ্ধে চসিকের অ্যাকশন, উচ্ছেদ শতাধিক স্থাপনা