প্রতিদিন সকাল ছয়টায় মন্দিরে এসে পূজা দেওয়া তাঁর অভ্যাস। আজ বৃহস্পতিবারও একই সময়ে এসেছিলেন। পূজার জন্য হাতে শাঁখ নিয়ে ঘণ্টা খুঁজতে গিয়ে দেখেন, সেটি নেই। এরপর চোখ যায় বেদিতে রাখা বিগ্রহের দিকে। গায়ের সোনা-রুপার সব গয়নাও উধাও। বুঝতে পারেন, মন্দিরে চুরি হয়েছে।
কথাগুলো বলছিলেন খাগড়াছড়ির তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ার এক নারী পুণ্যার্থী। এই পাড়ার বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য ও পুণ্যার্থীরা জানিয়েছেন, রাতের কোনো এক সময় তালা ভেঙে চোর মন্দিরের সব মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
এক পুণ্যার্থী বলেন, ‘ঠাকুরকে ভোগ দেওয়ার বাটিও চুরি করে নিয়ে গেছে। বিষয়টি আমাদের জন্য গভীর হতাশার। আমরা চাই, পুলিশ দ্রুত ব্যবস্থা নিক।’
মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ জানান, প্রতিমার ব্যবহৃত স্বর্ণের আংটি, লকেট, গলার সেট, চেইন, চুড়ি, মাথার তাজ ও রুপার আংটির পাশাপাশি পিতল ও কাঁসার প্রতিমা এবং পূজার বিভিন্ন সামগ্রী চোর নিয়ে গেছে। কমিটির হিসাবে, চুরি যাওয়া সামগ্রীর দাম কমপক্ষে ৫ লাখ টাকা।
ঘটনার খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী। তিনি বলেন, ‘মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ দেননি তারা। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’












