২০৩৫ সালের মধ্যে মুসলমানেরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হয়ে উঠবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এত দিন এই জায়গায় ছিলেন খ্রিষ্টানেরা। সাম্প্রতিক প্রবণতা বজায় থাকলে পরের কয়েক দশকে দুই গোষ্ঠীর ব্যবধান আরও বাড়বে। ২০৭০ সালে বিশ্বে মুসলমান থাকতে পারেন ৩৬৪ কোটি, আর খ্রিষ্টান ২৯৬ কোটি।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের একটি বিস্তৃত সমীক্ষায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সমীক্ষায় আদমশুমারি ও জরিপের তথ্য কাজে লাগানো হয়েছে। হিসাবে ধরা হয়েছে জন্মহার, অভিবাসন, মৃত্যুহার, বয়সকাঠামো এবং ধর্মবদল, অর্থাৎ কেউ যে ধর্মে বড় হয়েছেন, তা ছেড়ে অন্য ধর্মে যাওয়া।
পিউয়ের হিসাবে ২০২০ সালে বিশ্বের জনসংখ্যার প্রায় ২৯ শতাংশ ছিলেন খ্রিষ্টান, মুসলমান ২৬ শতাংশ। তবে সাম্প্রতিক বছরগুলোতেই মুসলমানদের সংখ্যা খ্রিষ্টানদের চেয়ে অনেক দ্রুত বেড়েছে। আগামী পাঁচ দশকে এই পার্থক্য আরও বাড়বে বলে ধারণা। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলমানের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে, খ্রিষ্টানের ক্ষেত্রে বাড়বে ৩০ শতাংশ। ফলে বিশ্বের মোট জনসংখ্যায় মুসলমানের অংশ প্রায় এক-চতুর্থাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশে পৌঁছাবে। খ্রিষ্টানদের অংশ থাকবে মোটামুটি এখনকার মতোই।
একই সময়ে বিশ্বের মোট জনসংখ্যা বাড়বে ২৯ শতাংশ। পিউয়ের হিসাবে আর কোনো ধর্মীয় গোষ্ঠীই এই গড় হারের সঙ্গে তাল মেলাতে পারবে না।
পিউয়ের জ্যেষ্ঠ জনমিতিবিদ ও সমীক্ষার সহলেখক কনরাড হ্যাকেট টাইমকে বলেন, “আমাদের প্রতিবেদন পড়ে কারও এমন ভুল ধারণা হতে পারে যে মুসলমানদের বৃদ্ধি ঘটবে খ্রিষ্টানদের ক্ষতি করে। সেটা ভুল ব্যাখ্যা হবে।”
তিনি আরও বলেন, “আমাদের তথ্যে এটা মোটেই এমন প্রতিযোগিতা নয় যে একটি গোষ্ঠী বাড়লে অন্যটিকে কমতেই হবে।” তাঁর ভাষ্য, দুই গোষ্ঠীই “বেশ ভালোই বাড়ছে”, তবে “মুসলমানেরা খ্রিষ্টানদের চেয়ে দ্রুত বাড়ছে।”
মুসলমান ও খ্রিষ্টান, দুই গোষ্ঠীর বৃদ্ধির পূর্বাভাসের পাশাপাশি পিউ দেখেছে, আগামী বছরগুলোতে এই দুই ধর্মের মানুষ কোথায় বাস করবেন এবং নিজেদের কীভাবে পরিচয় দেবেন, তাতে কী পরিবর্তন আসতে পারে। কোন কারণগুলো এই পরিবর্তন ঘটাচ্ছে, তা নিচে দেখা যাক।
জন্মহার
মুসলমানেরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হয়ে উঠতে যাচ্ছেন, এর প্রধান কারণ জন্মহার। পিউয়ের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে মুসলমান নারীরা গড়ে ৩ দশমিক ১ জন সন্তানের জন্ম দিয়েছেন, যা যেকোনো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ জন্মহার খ্রিষ্টানদের, তবে গড়ে ২ দশমিক ৫ জন সন্তান নিয়ে তাঁরা মুসলমানদের চেয়ে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে।
হার্ভার্ড ডিভিনিটি স্কুলের লেকচারার এবং বিশ্বের ধর্মীয় জনসংখ্যার তথ্যভান্ডার ওয়ার্ল্ড ক্রিশ্চিয়ান ডেটাবেসের সম্পাদক জিনা জুরলো টাইমকে বলেন, “প্রায় পুরো ব্যাপারটাই এখানে।”
আগামী কয়েক দশকের জনসংখ্যা-প্রবণতায় বিশেষ গুরুত্বপূর্ণ সাব-সাহারান আফ্রিকা। পিউয়ের হিসাবে ২০৭০ সালে বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষ থাকবেন এই অঞ্চলে। এখানে জন্মহার বেশি, গড় আয়ুও বাড়ছে। অঞ্চলটির বেশির ভাগ বাসিন্দা খ্রিষ্টান বা মুসলমান, তাই দুই গোষ্ঠীরই সংখ্যা বাড়বে বলে ধারণা।
জুরলো বলেন, “বিশ্বের জনসংখ্যার ভারকেন্দ্র সরে গেছে বৈশ্বিক দক্ষিণে। ফলে ধর্মের ভারকেন্দ্রও সেখানেই সরেছে। জনসংখ্যার এই বাস্তবতাই মুসলমানদের খ্রিষ্টানদের ছাড়িয়ে যাওয়ার পেছনে কাজ করছে।”
পিউ মনে করে, ২০৭০ সালে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান থাকবেন সাব-সাহারান আফ্রিকায়। তবে ওই অঞ্চলে মুসলমানের সংখ্যা বাড়বে আরও বেশি হারে।
হ্যাকেটের ব্যাখ্যায়, এর একটি কারণ হলো মুসলমানপ্রধান দেশগুলোতে মুসলমান নারীদের জন্মহারও বেশি থাকে। পিউয়ের হিসাবে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে সাব-সাহারান আফ্রিকায় মুসলমান নারীপ্রতি জন্মহার ছিল প্রায় ৫ দশমিক ১, আর অমুসলমান নারীদের ক্ষেত্রে ৪। যেমন নাইজেরিয়ায় মুসলমানের সংখ্যা খ্রিষ্টানের চেয়ে বেশি। সেখানে মুসলমান নারীপ্রতি জন্মহার ছিল প্রায় ৫ দশমিক ৪, খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে ৩ দশমিক ৪।
অন্যান্য কারণ
অভিবাসন ও ধর্মবদলও আগামী কয়েক দশকে ধর্মীয় জনসংখ্যার চিত্র বদলে দেবে বলে ধারণা। তবে বৈশ্বিক বৃদ্ধিতে এগুলোর প্রভাব জন্মহারের চেয়ে অনেক কম হবে।
পিউয়ের সমীক্ষা বলছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলমান ও খ্রিষ্টান, দুই গোষ্ঠীর সংখ্যাতেই পরিবর্তনের প্রধান কারণ ছিল “প্রাকৃতিক জনসংখ্যা পরিবর্তন”, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু বাদ দিলে যা থাকে।
তবে ওই সময়ে খ্রিষ্টানদের ক্ষেত্রে বৃদ্ধির একটি বড় অংশ কমে গেছে, কারণ অনেকে ধর্ম ছেড়ে গেছেন। ২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে করা জরিপ অনুযায়ী, মুসলমান পরিবারে বড় হওয়া ৯৯ শতাংশ মানুষ এখনো নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। খ্রিষ্টানদের ক্ষেত্রে এ হার ৮৫ শতাংশ।
এই পার্থক্য সামনের দিনেও দুই গোষ্ঠীর আপেক্ষিক বৃদ্ধিতে প্রভাব ফেলবে। সাম্প্রতিক প্রবণতা বজায় থাকলে ২০৭০ সালের মধ্যে ১৯ কোটি ৯০ লাখ খ্রিষ্টান ধর্ম ছাড়বেন, আর খ্রিষ্টান ধর্মে আসবেন ৯ কোটি ৪০ লাখ। অর্থাৎ ধর্মবদলে নিট ঘাটতি দাঁড়াবে প্রায় ১০ কোটি ৫০ লাখ। মুসলমানদের ক্ষেত্রে এই ঘাটতি অনেক কম, প্রায় ৮০ লাখ। ইসলাম ধর্মে আসবেন ১ কোটি ৬০ লাখ, ছাড়বেন ২ কোটি ৩০ লাখ।
পিউয়ের হিসাব অনুযায়ী ওই সময়ের মধ্যে ৯২ লাখ মুসলমান খ্রিষ্টান হবেন, আর ৯০ লাখ খ্রিষ্টান মুসলমান হবেন। সংখ্যা দুটি প্রায় সমান বলে কোনো গোষ্ঠীর আকারে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।
পরবর্তী পাঁচ দশকে অভিবাসনও বিশ্বব্যাপী মুসলমান ও খ্রিষ্টানদের মোট সংখ্যায় বড় প্রভাব ফেলবে না বলে পিউ মনে করে। যদিও বিশ্বের অভিবাসীদের ৭৬ শতাংশই এই দুই ধর্মের।
হ্যাকেট বলেন, “মঙ্গলে বসতি গড়া বা অপ্রত্যাশিত কিছু না ঘটা পর্যন্ত সবাইকে এই পৃথিবীতেই থাকতে হবে। তাই অভিবাসনে বৈশ্বিক সংখ্যায় তেমন হেরফের হয় না।” তবে তাঁর মতে, একেকটি দেশের ক্ষেত্রে এবং সেখানকার ধর্মীয় গঠনে অভিবাসন “পার্থক্য গড়ে দিতে পারে।”
উদাহরণ হিসেবে, আগামী ৫০ বছরে ইউরোপে মুসলমানের অনুপাত বেড়ে যাওয়ার পেছনে অভিবাসন বড় ভূমিকা রাখবে বলে ধারণা। অভিবাসন বাদ দিলে ২০৭০ সালের মধ্যে এই বৃদ্ধি হবে ৬ শতাংশ। অভিবাসন ধরলে পিউয়ের হিসাবে ওই বছর ইউরোপের জনসংখ্যার ১৩ শতাংশ হবেন মুসলমান।
অভিবাসনে কিছু অঞ্চলে মুসলমানের অনুপাত বাড়লেও জুরলো বলেন, স্থানান্তরের পর সেখানে তাঁদের সংখ্যাবৃদ্ধির গতি কমে যেতে পারে। তাঁর ভাষ্য, কিছু দেশে গিয়ে মুসলমানেরা তুলনামূলক কম সন্তান নেন। “মুসলমানেরা যখন পশ্চিমা দেশগুলোতে যান, তাঁদের জন্মহার কমে যায়,” বলেন তিনি।
তাঁর ব্যাখ্যা, যেসব দেশে শিক্ষার হার বেশি, সেখানে নারীদের অর্থনৈতিক সুযোগও বাড়ে, আর তখন জন্মহার কমে। “মুসলমানেরা যদি এমন জায়গায় যান, যেখানে নারীর শিক্ষা গ্রহণযোগ্য এবং উৎসাহিত, তাহলে জন্মহার কমবে।”
অন্যদিকে খ্রিষ্টান নারীরা গড়ে এমন দেশগুলোয় বাস করেন, যেখানে শিক্ষার হার মুসলমান নারীদের দেশগুলোর চেয়ে বেশি। জুরলোর মতে, সামগ্রিকভাবে তাঁদের জন্মহার কম হওয়ার একটি কারণ এটি।
জুরলো আরও বলেন, পশ্চিমা দেশে নতুন জীবন শুরু করা ব্যয়বহুল। জীবনযাত্রার খরচ বেশি হওয়ায় অনেক পরিবারের ওপর আর্থিক চাপ পড়ে, ফলে একাধিক সন্তান লালনপালন করা কঠিন হয়ে যায়।
মূল নিবন্ধের লেখক: কনরাড গ্রিন












