৪৯ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র ৪ জন

আলিফ হত্যার ২ বছর আজ বিচারিক প্রক্রিয়ার গতি নিয়ে বাদীপক্ষের হতাশা

হাবীবুর রহমান | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

নগরীর আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে আজ ২৬ নভেম্বর। নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শুরু হলেও এর গতি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন বাদীপক্ষ। মামলায় মোট ৪৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় সরকারি গেজেট না হওয়া, দীর্ঘ বিরতিতে শুনানির তারিখ পড়া এবং আসামিপক্ষের একের পর এক দরখাস্তের কারণে বিচার শেষ হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরীর নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলায় একই বছরের ২৫ নভেম্বর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর জেরে আদালতপাড়া ও সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে নগরীর কোর্ট হিলের অদূরে মেথরপট্টি এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ওই দিনের সংঘাত ও হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালী থানায় ছয়টি এবং আদালতে একটিসহ মোট সাতটি মামলা দায়ের হয়। এর মধ্যে আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই নগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মো. মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুকান্ত নামের একজনকে অন্তর্ভুক্ত করলে চার্জশিটভুক্ত আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে। আদালতসূত্র জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি এ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বর্তমানে চিন্ময় দাশসহ ২৭ জন আসামি ওই মামলায় কারাগারে রয়েছেন এবং বাকি ১৬ জন পলাতক।

গেজেট জটিলতা ও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি : মামলাটির বিচারিক এখতিয়ার ও প্রক্রিয়াগত জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদীপক্ষ। বাদীর আইনজীবী ও আলিফের বন্ধু রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলাটি বর্তমানে দায়রা মামলা হিসেবে বিচারাধীন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় সরকারি গেজেট না হওয়ায় মামলাটি সেখানে স্থানান্তরিত হয়নি, যদিও মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য প্রেরণ করেছেন। তিনি উল্লেখ করেন, আলিফের বাবা ও মামলার বাদী ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের চূড়ান্ত আদেশ পাওয়া যায়নি। রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলাটি যেভাবে এগোচ্ছে, তাতে বিচার শেষ হতে আরও দীর্ঘ সময়, এমনকি এক যুগও লেগে যেতে পারে বলে আশঙ্কা করছি। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। মোট সাক্ষী ৪৯ জন। অথচ এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ৪ জন। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরও রয়েছে জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম, যুক্তিতর্ক এবং রায়ের অপেক্ষা। বিচারপ্রক্রিয়ায় আসামিপক্ষের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আমরা আদালতের প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, চিন্ময় দাশের পক্ষে তার আইনজীবী একের পর এক বিভিন্ন দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে। এখন পর্যন্ত সাক্ষ্য দেওয়া চারজন সাক্ষীর কাউকে চিন্ময় দাশের পক্ষে জেরা করা হয়নি। তিনি আরও বলেন, একজন আইনজীবীর প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের বিচার যদি বছরের পর বছর ঝুলে থাকে, তবে তা নিহতের পরিবার, আইনজীবী সমাজ এবং ন্যায়বিচার প্রত্যাশী মানুষের জন্য গভীর হতাশার কারণ হয়ে দাঁড়াবে। অবিলম্বে সরকারি আদেশ জারি করে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা এবং দ্রুত, ন্যায্য ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। আলিফের বাবা জামাল উদ্দিন বলেন, জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আর কিছু বলার নেই।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন দৈনিক আজাদীকে বলেন, আলিফ খুন হয়েছে ২ বছর হয়ে গেছে। অথচ বিচার চলছে স্লো। অনেকদিন পর পর শুনানির তারিখ ফেলা হচ্ছে। গতানুগতিকভাবে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে মামলাটির বিচার শেষ হোক।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধআসিব আসিব বলে কতদিন পার হবে? সরকার চাপে নেই