সিলেটে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

পারিবারিক ভ্রমণে সিলেটে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজন। গ্রেপ্তাররা হলেন বদির ছেলে শাওন আমরান, বদির ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। গতকাল বুধবার ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সূত্র জানায়, তারা সপরিবারে হোটেলটিতে অবস্থান করছেন–এমন অভিযোগ ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাত থেকে হোটেলটি ঘিরে রাখেন সিলেট যুবদলের নেতাকর্মীরা। পরে বিষয়টি নজরে এলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গতকাল রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, গ্রেপ্তার চারজনকে কক্সবাজারে আনা হচ্ছে। তিনি জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল রওয়ানা হন। তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। আজ দুপুরের মধ্যে কক্সবাজার পৌঁছাতে পারে। পরে টেকনাফ ও কক্সবাজারে দায়ের হওয়া জুলাই আন্দোলন ও নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। এরপর আইনানুগ অন্যান্য প্রক্রিয়া গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএক দফা থেকে সরে এলেন চুয়েট শিক্ষকরা
পরবর্তী নিবন্ধ৪৯ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন মাত্র ৪ জন