ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈধ নির্দেশ অমান্যের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনের সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাশকতার ঘটনায় মামলা দায়েরের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলেও তিনি বাদী হতে রাজি হননি বলে জানিয়েছে পুলিশ সূত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। দুই দিন আগে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও গতকাল বিষয়টি জানাজানি হয়।
সিএমপি সূত্র জানায়, নাশকতার একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়। এ সময় বাদী হতে বলা হলেও রাজি হননি সার্জেন্ট মুজাহিদুল। এছাড়া আরও কিছু কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিন বন্দর এলাকার সল্টগোলা ক্রসিং পুলিশ বঙে দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল। ওই দিন রাতে পুলিশ বঙে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে কাচ ভাঙা ও ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মামলা করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই নির্দেশ পালন করেননি বলে জানান ওই কর্মকর্তা।
সার্জেন্ট মুজাহিদুল ইসলাম ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।






