চট্টগ্রামে নতুন দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠদান শুরু হচ্ছে। এ জন্য বিদ্যালয়গুলোকে তিন বছরের পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
অনুমতি পাওয়া বিদ্যালয়গুলো হল–পতেঙ্গায় মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজ ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সরকারি স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন–২ শাখা থেকে সমপ্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেওয়া হয়। ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় নির্মিত এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে বিদ্যালয়গুলোকে তিন বছরের জন্য পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।






