ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাকে ফেরত চেয়ে ঢাকার প্রত্যর্পণের অনুরোধকে আলাদা বিষয় বলেছে নয়া দিল্লি। গতকাল বুধবার নয়া দিল্লিতে ব্রিফিংয়ে এসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারত সরকারের এ অবস্থান তুলে ধরেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। তিনি বলেন, ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। জয়সওয়াল অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। খবর বিডিনিউজের।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। চব্বিশের অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে একাধিক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তারা আইন অনুযায়ী সুরাহা করতে চায়। অন্যদিকে ঢাকার তরফ থেকে বলা হচ্ছে, ভারত ও বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চায় তারা।






