চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। ২৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে কোস্ট গার্ডের ১৪ সদস্য অংশ নেন।
গত ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগের সময় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা অর্জন এবং দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করাই ছিল এর লক্ষ্য।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অ্যাটাশে কার্যালয়ের (ইউএস ডিফেন্স অ্যাটাশে অফিস) উদ্যোগে প্রশিক্ষণটি আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে ১৪ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপ্রধান মিশন ট্রিশিতা মওলা। অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও জানান, এ যৌথ প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণটি ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আন্তর্জাতিক সহযোগিতায় এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।











