প্রতি শুক্রবার শ্রমিকদের জন্য ওএমএসের চাল বিক্রি শুরু

নগরীর ১২টি শিল্পজোনের মোড়ে ট্রাকে বিক্রি হচ্ছে ৬০ টন চাল প্রত্যেকে ৩০ টাকা দামে নিতে পারবেন ১০ কেজি করে

শুকলাল দাশ | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

শিল্প কারখানার শ্রমিকদের জন্য তাদের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার নগরীর ১২ শিল্পজোনের মোড়ে সরকারি ভর্তুকি মূল্যে ওএমএম চাল বিক্রি শুরু হয়েছে। সরকারি নির্দেশে গত শুক্রবার থেকে চট্টগ্রাম মহানগরীর ১২টি শিল্প জোনের মোড়ে ট্রাকে করে ভর্তুকিমূল্যের ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে নির্ধারিত ১২টি মোড়ে ১২জন ওএমএম ডিলার ট্রাকে করে ওএমএস চাল বিক্রি করছেন বলে জানান চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) রাজীব কুমার দে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রত্যেক ডিলারকে নির্ধারিত মোড়ে ট্রাকে করে বিক্রির জন্য ৫ টন করে চাল দেয়া হচ্ছে। প্রত্যেক শ্রমিক বা ভোক্তা ৩০ টাকা দামে ১০ কেজি করে চাল নিতে পারবেন। সকাল ৯ টা থেকে যতক্ষণ চাল বিক্রি (৫ টন চাল বিক্রি) না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। শ্রমিকদের জন্য নতুন এই কর্মসূচির পাশাপাশি নগরীর ৪১ ওয়ার্ডে ৪১ জন ডিলারের মাধ্যমে প্রতিদিনের ওএমএস চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) রাজীব কুমার দে বলেন, ওএমএস কার্যক্রমে সরকার নতুন উদ্যোগ নিয়েছেন। শুক্র ও শনিবার নগরীতে আমাদের চলমান ওএমএস কার্যক্রম বন্ধ থাকে। শিল্প কারখানার শ্রমিকদের শুক্রবার ছাড়া ছুটি থাকে না। তাই সরকারি ভর্তুকিমূল্যের ওএমএস কার্যক্রম থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। এই লক্ষ্যে সরকারি নির্দেশে নতুন করে শুধুমাত্র শুক্রবার নগরীর ১২টি শিল্প এলাকার মোড়ে শ্রমিকদের জন্য ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে। নগরীতে আমাদের ৪১ ওয়ার্ডের নির্ধারিত ডিলারদের মাধ্যমে এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রত্যেক ট্রাকে ডিলারকে ৫ টন করে চাল দেয়া হচ্ছে। একজন ভোক্তা ৩০ টাকা দামে ১০ কেজি চাল নিতে পারবেন। গত শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে করে শ্রমিকরা সরকারি ন্যায্যমূল্যের চাল পেয়ে লাভবান হবেন।

চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে, বালুছড়া, কালুরঘাট, অঙিজেন, দেওয়ানহাট, সাগরিকা, ইপিজেডসহ ১২টি স্পটে ওএমএস কার্যক্রম চলছে। বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধগতির এই সময়ে একজন শ্রমিক প্রতি শুক্রবার ৩০ টাকা দামে ১০ কেজি করে সরকারি ভর্তুকি মূল্যের এই চাল পেলে সারা মাস চলবে। পাশাপাশি নগরীর ৪১ ওয়ার্ডে ৪১ জন ডিলারের মাধ্যমে প্রতিদিনের ওএমএস চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের রায়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটাই সংকট উত্তরণের ভিত্তি
পরবর্তী নিবন্ধডিসেম্বরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই