গণভোটের রায়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটাই সংকট উত্তরণের ভিত্তি

নগর জামায়াতের বিক্ষোভ মিছিলে নজরুল ইসলাম

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

গতকাল বুধবার নগরীর আগ্রাবাদের বাদামতল থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। মিছিল–পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সংকট উত্তরণের প্রধান ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের পথে হেঁটেছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুন–খারাবিতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে সমূলে উপড়ে ফেলার ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে বিএনপি। পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালোটাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকেই আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। তারা বিএনপির কোলে আশ্রয় নিয়ে কালসাপ হয়ে ফিরে আসতে চায়।

সমাবেশে আরও বক্তব্য দেন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফোয়ারা নির্মাণের কাজ করতে গিয়ে দেবে গেছে সড়কের একাংশ
পরবর্তী নিবন্ধপ্রতি শুক্রবার শ্রমিকদের জন্য ওএমএসের চাল বিক্রি শুরু