নগরীর হালিশহরের নয়াবাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফোয়ারা নির্মাণের কাজ করতে গিয়ে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে সড়কের মাঝখানে নির্মাণাধীন ফোয়ারার একাংশও দেবে যায়। ফলে ওই এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর হালিশহরের নয়াবাজার বিশ্বরোড মোড়ে এ অবস্থা দেখা যায়।
স্থানীয়রা জানান, গত দুই থেকে তিন দিন ধরে সড়কটি ধীরে ধীরে দেবে যাচ্ছিল। কয়েকদিন আগে এর পাশে চট্টগ্রাম ওয়াসার হালিশহর এলাকায় সুয়ারেজ লাইনের কাজ করেছিল। ওয়াসার কাজ শেষ হওয়ার পর তারা সেখান থেকে অস্থায়ী বেষ্টনী সরিয়ে নেয়। এরপর সিটি করপোরেশনের ফোয়ারা নির্মাণের কাজ আবার শুরু হয়।
এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, কিছুদিন আগে সেখানে বিটিসিএল এর অপটিক্যাল ফাইবারের কাজ করার সময় ওয়াসার স্যুয়ারেজ লাইন ক্ষতিগ্রস্ত হলে সেটির মেরামত করা হয়। মেরামতের কাজ শেষে ওয়াসা নিরাপত্তা বেষ্টনী সরিয়ে তাদের সরঞ্জাম নিয়ে আসে। এরপর চসিক পানির ফোয়ারা বসানোর কাজ করছিল। এরমধ্যে এই ফোয়ারার অংশ দেবে গেছে।











