ফেনীতে ওসি ও যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপের অডিও ফাঁস

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে। খবর বাংলানিউজের।

ফাঁস হওয়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজি টেক্সি ভাড়া করে ওই নেত্রীকে দ্রুত নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

কোনো সমস্যা হবে কি না, যুব মহিলা লীগ নেত্রীর এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় ওই নেত্রী ওসিকে আঙ্কেল সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন রয়েছে অডিওতে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তাদের কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে। অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে আলিঙ্গন করার অনুরোধও করেছিলেন।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। তবে ফোনালাপে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধট্রাকসহ খাদে এক্সকেভেটর, ভেঙে পড়ল বেইলি সেতু
পরবর্তী নিবন্ধফোয়ারা নির্মাণের কাজ করতে গিয়ে দেবে গেছে সড়কের একাংশ