দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবেলায় সজাগ থাকতে হবে

লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী এমপি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপতৎপরতা যাতে জনজীবন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ–দুর্দশা লাঘবে কর্মকর্তাদের আরও যত্নশীল, আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষ যাতে সরকারি সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি সরকারি দপ্তরকে জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দ। এ সময় উপস্তিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান, কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহম্মেদ জাকির, রঞ্জিত কুমার সাহা, মাইনুল আহছান, আব্দুস সালাম, মো. লোকমান হায়দার, আনিসুজ্জামান শেখ, মো. আবু জাফর, রিকল চাকমা, কানিজ ফাতেমা ও মীর ইমরান হোসেন প্রমুখ। সভায় লোহাগাড়া উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনদুর্ভোগ নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ভিক্ষুদের পিন্ডদান দানোৎসব
পরবর্তী নিবন্ধচিটাগাং লিবার্টি স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান