রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সড়কে চলমান অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে সাজেক ইউনিয়নের স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী জনসাধারণ। একই সঙ্গে তারা অবরোধের ডাক দেওয়া কয়েকটি সংগঠনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা নাকচ করে দাবি করেছেন, অবরোধের কারণে সাজেকসহ আশপাশের এলাকার জনজীবন, ব্যবসা–বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া স্কুলমাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য উদয় চাকমা।
সংবাদ সম্মেলনে বলা হয়, টানা সড়ক অবরোধে সাজেকের মানুষ প্রায় ৪৪ দিন ধরে আর্থিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং জনসাধারণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। উদয় চাকমা বলেন, গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির নামে দুটি সংগঠন তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়। পরে ২৬ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উজোবাজারে আলোচনার পর দাবির সংখ্যা বাড়িয়ে পাঁচ দফা করা হয়। প্রশাসনের সঙ্গে আলোচনায় কয়েকটি দাবি মেনে নেওয়া হলেও জেএসএসের (সন্তু লারমা) সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিটি অমীমাংসিত থাকায় অবরোধ প্রত্যাহার করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, গত ১০ নভেম্বর সাজেকের চলমান দুর্ভোগের প্রতিবাদ জানিয়ে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা পদত্যাগ করেন এবং সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেন। তিনি অবরোধ প্রত্যাহারের ঘোষণাও দেন।
নতুন জয় চাকমার সঙ্গে একমত পোষণ করে সংবাদ সম্মেলনে উপস্থিত কার্বারি, হেডম্যান ও জনপ্রতিধিরা জানিয়েছেন, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি এবং সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এসব সংগঠনগুলো প্রসীতপন্থী ইউপিডিএফেরই সৃষ্টি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, বর্তমানে যে অযৌক্তিক দাবিতে সড়ক অবরোধ পরিচালনা করা হচ্ছে সেই দাবির সঙ্গে সাজেকের সাধারণ মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই। অবরোধের কারণে সাজেক, বাঘাইহাট, বাইবাছড়া, চামিনীছড়া ও গঙ্গারাম এলাকার আশপাশের মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। কোথাও কোথাও জনসাধারণকে অবরোধের পক্ষে অবস্থান নিতে বাধ্য করা, পিকেটিং ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের চাপ দেওয়ার অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে চলমান সড়ক অবরোধ অবিলম্বে প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং অবরোধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, ১৬৯ নম্বর শিয়ালদহ মৌজার হেডম্যান জৈপু থাং ত্রিপুরা, সাজেক ইউনিয়নের ইউপি সদস্য পরিচয় চাকমা ও রিপিকা চাকমা, কংলাক পাড়ার কার্বারি মোহন লাল চাকমাসহ অন্যরা।












