বান্দরবানে মহা পিন্ডদানের মধ্য দিয়ে শেষ হলো বৌদ্ধ সমপ্রদায়ের মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। গতকাল বুধবার সকালে তিন পার্বত্য জেলার পারমিপূর্ণ বৌদ্ধ ভিক্ষুকূল বান্দরবান রাজ গুরু বৌদ্ধ বিহারের সমবেত হন। পরে সেখান থেকে মহা পীন্ডচারণের উদ্দেশ্যে বের হন ভিক্ষুগণ। এসময় বৌদ্ধ ভিক্ষুকূল বান্দরবান পুরো শহর প্রদক্ষিণকালে বৌদ্ধ সমপ্রদায়ের শত শত নর–নারী, যুবক–যুবতী ও দায়ক–দায়িকারা রাস্তার পাশে দাড়িয়ে পূর্ণ লাভের আশায় শুকনো খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের সামগ্রী দান করেন।
এছাড়াও বিকালে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক–দায়িকা, ভক্তকূলসহ তিন পার্বত্য জেলার সহস্রাধিক পারমিপূর্ণ বৌদ্ধ ভিক্ষুদের সমন্বয়ে শীল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার প্রদীব প্রজ্জলনের মাধ্যমে দেশ, জাতি ও প্রাণীকূলের মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মালম্বীদের ভাষ্যমতে, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসে (উপুস) থাকার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দায়ক–দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলোতে দানোত্তম কঠিন চীবর দানোৎসব পালন করেন। উৎসবে পাহাড়িরা চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন তুলা থেকে চর্কার মাধ্যমে সুতা তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের পরিধানের জন্য চীবর কাপড় বুনে ভিক্ষুদের মাঝে চীবর দান করেন। কোনো প্রকার সেলাই ছাড়া তৈরি চীবর কাপড় বৌদ্ধ ভিক্ষুদের বিতরণ করা হয় উৎসবে। প্রায় দুই হাজার বছর আগে গৌতম বুদ্ধের মহা পুণ্যবতী নারী বিশাখা দেবী কঠিন ব্রতী পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতিবছর বান্দরবানে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারসহ পাহাড়ের বৌদ্ধ বিহারগুলো ব্যাপক আয়োজনে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব ধর্মীয়ভাবে পালন করে আসছে।












