চট্টগ্রাম নগরের শীর্ষ ছিনতাইকারী মো. ইসমাইল হোসেন প্রকাশ ‘বোতল রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনসহ বিভিন্ন আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া হাটহাজারী থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তার বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমান ওরফে দুলাল ড্রাইভারের ছেলে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহরা পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।
এসআই শাহনেওয়াজ বলেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। কয়েক দিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ইসমাইল হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া হাটহাজারী থানায় তাঁর বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।










