কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

তিনদিনের রিমান্ড

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:১৯ পূর্বাহ্ণ

সংসদ সদস্য থাকাকালে কলকাতায় ‘খুন হওয়া’ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন। তিনি বলেন, ডরিনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। ২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে। তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। তিনি লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। খবর বিডিনিউজের।

তিনদিনের রিমান্ড : ডরিনকে যাত্রাবাড়ী থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তার তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছে। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদন বাতিল চেয়ে ডরিনকে প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। শুনানি নিয়ে বিচারক তিন দিনের রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে বলেন, মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার, বিস্ফোরক সম্পর্কে তথ্য জানা এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন। আজ (বৃহস্পতিবার) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তিনি ছাত্রলীগের সামনের সারির কর্মী ছিলেন। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

প্রসঙ্গত, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ–৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। পরে পুলিশ বলেছিল, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রেইলারের চাপায় প্রাণ গেল বিএম ডিপোর স্কেল এক্সিকিউটিভের
পরবর্তী নিবন্ধআরাকান আর্মির হাতে আটক ৪১জেলেকে ফিরিয়ে আনল বিজিবি