চার কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় রিজেন্ট ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইয়াসিন আলী ও চেয়ারম্যান ইয়াকুব আলীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে চার কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ১ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। এসময় তারা কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। এ জন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। ব্যাংকের পক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবী নুসরাত আরা হীরা দৈনিক আজাদীকে রায়ের তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখার পক্ষ থেকে ২০২৩ সালের ১৭ অক্টোবর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ও ১৪০ ধারায় রিজেন্ট ফেব্রিঙ লিমিটেডের এমডি মোহাম্মদ ইয়াসিন আলী ও চেয়ারম্যান ইয়াকুব আলীর বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করা হয়। বলা হয়, ঋণের বিপরীতে ব্যাংককে চার কোটি টাকার একটি চেক দিয়েছিলেন আসামিরা। যা ২০২৩ সালের ২৯ আগস্ট প্রত্যাখ্যাত হয়।









