শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর শাহ আমানত খান (রাঃ) মাজার প্রাঙ্গণ থেকে একটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এসময় ককটেল বহনকারী দুইজনকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এক ব্যক্তির পকেট থেকে ককটেলটি উদ্ধার করে বলে জানান কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির।

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আজ বৃহস্পতিবার মাজারে লোকসমাগম বেশী থাকার সুযোগে দুষ্কৃতকারীরা নাশকতার চেষ্টা চালাতে পারে। সেই তথ্যের ভিত্তিতে আমার থানার পুলিশের সজাক দৃষ্টি ছিল মাজার ও এর আশপাশের এলাকায়। এক পর্যায়ে একটি মোটরসাইকে চড়ে আসা সন্দেহভাজন দু’জনকে আমাদের পুলিশ চ্যালেঞ্জ করলে তাদের একজনের পকেট থেকে একটি লাল স্কচ টেপে মোটানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আর উদ্ধারকৃত বস্তুটি মাজার প্রাঙ্গণে ডিসপোজালের প্রস্তুতি চলছিল।

এদিকে, মাজারে আগত একাধিক মুসল্লি জানান, এই মোটরসাইকেলটিকে তাঁরা মাজার প্রাঙ্গণে একাধিকবার আসা যাওয়া করতে দেখেছিলেন। ধারণা করা হচ্ছে, প্রচুর জনসমাগম থাকায় দুষ্কৃতকারীরা বোমাটি বিষ্ফোরণের সুযোগ পায়নি।

পূর্ববর্তী নিবন্ধ‌’ছিনতাই বা হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার আনন্দ অন্যরকম’