সাত মিনিটের স্বস্তি, ফের জ্বলে উঠলো ইনানীর গ্যাসের আগুন

শাহেদ মিজান, কক্সবাজার | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৯:২৯ অপরাহ্ণ

টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকার গ্যাসের আগুন নিভিয়েও শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। যান্ত্রিক প্রক্রিয়ায় আগুন বন্ধ করার মাত্র সাত মিনিটের মাথায় ফের জ্বলে ওঠে আগুন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

তবে শুক্রবার আরও শক্তিশালী ও কার্যকর পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণের অভিযান চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

অভিযানে নেতৃত্ব দেওয়া বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান জানান, কয়েক দিনের প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার সকালে আগুন বন্ধের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়। এ সময় আগুনের চাপ কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধ করা হয়। একপর্যায়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হলেও মাত্র সাত মিনিট পর আবারও আগুন জ্বলে ওঠে।

রকিবুল হাসান বলেন, ‘আমরা আগুন বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আবারও আগুন ধরে যায়। মূলত গ্যাসের প্রবাহ বন্ধ না হওয়ায় এ ধরনের প্রক্রিয়ায় পুনরায় আগুন জ্বলে ওঠার আশঙ্কা থাকে। এখানেও তেমনটি হয়েছে। তবে আমরা আশাবাদী, অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি বন্ধ করতে পারব। শুক্রবার আবারও অভিযান চালানো হবে।’

তিনি জানান, প্রথমে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ ও বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে গ্যাসের প্রবাহ বন্ধের চেষ্টা করা হবে। এতে সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

বাপেক্সের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি শুধু একটি পকেট গ্যাসের মধ্যে সীমাবদ্ধ না-ও থাকতে পারে। প্রাথমিক মূল্যায়নে ওই এলাকায় একটি গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে।

জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো ও মজুতের অবস্থান নির্ধারণ করা হবে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ মনে করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের পরও আগুন না নেভায় এবং অব্যাহতভাবে জ্বলতে থাকায় বাপেক্সের বিশেষজ্ঞরা সেখানে বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নেন। এরপর আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ ও দীর্ঘ প্রস্তুতি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত অভিযান চালানো হয়। তবে প্রথম দফার চেষ্টা সফল না হওয়ায় শুক্রবার আবারও অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআরাকান আর্মির জিম্মি থেকে মুক্ত হয়ে ফিরলেন ৪১ জেলে