চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাকি প্রায় ৪৬ হাজার ধর্মীয় সেবকের তথ্য আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। খবর বাংলানিউজের।
যারা এখনো তালিকাভুক্ত হননি, তারাও তালিকাভুক্তির পর গত জুলাই থেকে বকেয়াসহ সম্মানী পাবেন। প্রতিমন্ত্রী জানান, এ কর্মসূচি শুধু মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদেরও সরকারি সম্মানীর আওতায় আনা হবে। আগামী চার অর্থবছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।
এ ছাড়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি চাকরিতে সুযোগ সমপ্রসারণের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সমপ্রসারণ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এসব বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।









