সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। খবর বিডিনিউজের।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব তথ্য পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।

রোজায় দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াসসহ তিনজন কারাগারে
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উত্তর উপজেলা নিয়ে স্থিতাবস্থা আরও ৬ মাস বাড়ালো হাইকোর্ট