আমানত শাহ মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেলসহ দুইজনকে আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নগরের আমানত শাহ (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত একটি ককটেলসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা ককটেলটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এসে নিজেদের হেফাজতে নিয়েছেন।

এদিকে মাজারের কয়েকশ গজ দূরেই রয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। দুইজনকে আটকের পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তাদের আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সাংবাদিকদের বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন শুল্কে ছাড় আদায়ে আলোচনায় যাবে বাংলাদেশ