চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, বাংলাদেশের অভিবাসন এলাকার মধ্যে অধিকাংশই হলো চট্টগ্রাম বিভাগে। তাই এই এলাকায় সুফল ও চ্যালেঞ্জ দুইটাই অনেক বেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন অর্থেনৈতিক সংকট চলছে। বেকারত্বের চাপে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তরুণরা ঝুঁকি নিয়ে যেকোনো ভাবে অভিবাসনের চেষ্টা করছে। বিভিন্ন কারণে অভিবাসনে দুষ্টু চক্র সরব হয়েছে। তাই আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলে অভিবাসন প্রক্রিয়ায় সু–শাসন ফিরে আসার পাশাপাশি অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ, কার্যকর ও ঝুঁকিমুক্ত হবে।
গতকাল সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে আয়োজিত নিরাপদ অভিবাসন ইস্যুতে চট্টগ্রাম জেলায় কর্মরত সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয়ে ‘নিরাপদ অভিবাসন’ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার বিকল্প নাই। তবে দেশে কি ধরনের দক্ষতার চাহিদা আছে, তা রিসার্চ করে নিরূপণ করা আবশ্যক। সরকার মানবিক বাংলাদেশ গড়তে চায়, সেখানে দক্ষ কর্মীর বিকল্প নেই। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশ বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী শ্রমিকদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিতে স্পষ্ট বিধান রয়েছে। শ্রম অভিবাসী, বিদেশফেরত ব্যক্তি অথবা প্রবাসী পরিবার প্রতারণার শিকার হলে লিগ্যাল এইড অফিসে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে। প্রত্যাশী সিমস্ প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ার বেগম। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, বিকেটিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ–পরিচালক ড. এস,এম, হাসান আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস–এর সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, প্রবাসী কল্যাণ ব্যাংকের
উপমহাব্যবস্থাপক মো. হারুণ অর রশীদ, চট্টগ্রাম মহিলা টিটিসি’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আশরিফা তানজীম, চট্টগ্রাম ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. আতিকুল আলম, আঞ্চলিক তথ্য অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী। এছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি, বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক, মিডিয়া প্রতিনিধি, রিক্রুটিং এজেন্সি প্রতিনিধি ও অভিবাসীকর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।












