যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম কান–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ একক বা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই সম্পূর্ণ এককভাবে যে কোনও মুহূর্তে শক্তি দিয়ে আঘাত হানতে প্রস্তুত আছি। তবে ইসরায়েলের এমন কঠোর অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে ভিন্ন বার্তা এসেছে। ওয়াশিংটন চাইছে ইসরায়েল যেন যুদ্ধকালীন মানসিকতা পরিহার করে আঞ্চলিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এমন বিপরীতমুখী বক্তব্য সামনে এল ঠিক যে সময়ে ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযানের প্রস্তুতি এবং তেহরানের পক্ষ থেকে আকস্মিক হামলার আশঙ্কার খবর পাওয়া যাচ্ছে। বিশ্বের জ্বালানি বাজার বিপর্যস্ত করা, সামুদ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা এবং পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশকে সংঘাতে জড়িয়ে ফেলা ইরান যুদ্ধের নয় মাস পর এখন একটি মৌলিক প্রশ্ন সামনে আসছে– নেতানিয়াহু যেখানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে, সেখানে ওয়াশিংটন কি ইসরায়েলকে কূটনীতির পথে পরিচালিত করতে পারবে?
ইসরায়েলের রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম কান–কে দেওয়া সাক্ষাৎকারেই ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন ইরানে একাই হামলা চালানোর প্রস্তুতির কথা বলার পাশাপাশি এও বলেছেন যে, ইরান ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে এখনও সরে আসেনি। যদিও ইসরায়েলের জনসাধারণের জন্য সামরিক নির্দেশিকায় কোনও পরিবর্তন আনা হয়নি। খবর পাওয়া যাচ্ছে যে, নেতানিয়াহু নতুন করে আরেকটি সামরিক অভিযানে সমর্থন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন, আর সামরিক পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরতেই তিনি চলতি মাসের শুরুতে মোসাদ প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে নতুন করে আরেকটি সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বার্তা : এমন প্রেক্ষাপটে, মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরায়েলের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভিন্ন ধরনের এক স্পষ্টবাদী মূল্যায়ন তুলে ধরেছেন। জার্মান ব্যবসায়ী মাথিয়াস ডফনারের সঙ্গে একটি পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েলের উচিত যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোনিবেশ করা।












