চট্টগ্রাম–১২ পটিয়া আসনের এমপি এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠায় আমার পক্ষ থেকে সব ধরণের সরকারি সহায়তা দেয়া হবে। প্রাণিসম্পদ আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পদের উন্নয়ন এবং সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি। স্থানীয় খামারী ও বিভিন্ন পেশাজীবিদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার এ সহায়তার কথা জানান।
তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম সাইফুদ্দিন তার বক্তব্যে পটিয়ায় একটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি আরো বলেন, পটিয়ায় অনেক খামার রয়েছে। খামারিদের সুবিধার কথা বিবেচনা করে এখানে একটি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা লিখিত প্রস্তাব আকারে দিলে আমি মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলবো। তিনি কলেন,প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি গরু চুরি প্রতিরোধে প্রতিটি খামারকে সিসিটিভির আওতায় আনার পরামর্শ দিয়ে বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের বিকল্প নেই। এ খাতের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ কে এম সাইফুদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জয়ীতা বসু। ভেটেরিনারি সার্জন সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খোরশেদ আলম, থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, গাজী আবু তাহের, মো. হাবিবুল্লাহ,মো. রাসেল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম সাইফুদ্দিন বলেন, প্রাণিসম্পদ খাতের সঙ্গে জড়িত খামারিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের উৎপাদিত দুধ, মাংস ও ডিম মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।










