জমাদিউস সানি হিজরি সালের ৬ষ্ঠ মাস। এই মাসের ধর্মীয় বৈশিষ্ট্য ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মুসলিম জাহানের প্রথম খলিফা ও প্রথম ইসলাম গ্রহণকারী এবং সর্বশেষ নবী–রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় সাহাবি আবু বকর সিদ্দীক (রা.)-এর ওফাত দিবস এই হিজরি মাসের ২২ তারিখে। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক (রা.) ৫৭৩ সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে সাখার। হজরত মুহাম্মদ (সা.)-এর সব কথা ও ঘটনা সর্বপ্রথম যিনি বিনা বাক্যে এবং বিনা দ্বিধা–সংকোচে সত্য বলে স্বীকার করেছিলেন, হুজুর (সা.)-এর পবিত্র জবানে তাঁকে সিদ্দীক উপাধিতে ভূষিত করেছিলেন এবং খোদ তিনিই যাকে আফজালুল বাশার বা মানবশ্রেষ্ঠ আখ্যায়িত করেছিলেন, তাঁর পবিত্র জীবনাদর্শ আলোচনা–স্মরণ করার জন্য কোনো বিশেষ দিন–তারিখ বা সময় নির্দিষ্ট করারও প্রয়োজন পড়ে না। সবসময়ই তাঁর আদর্শের কথা স্মরণ করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। তথাপি বলতে হয়, আবু বকর সিদ্দীক (রা.)-এর ওফাত দিবসটি কেবল মুসলমানদের জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও যথাযথ মর্যাদায় পালিত হওয়ার দাবি রাখে। অথচ দুঃখের বিষয়, এ দেশে দিবসটি প্রায় নীরবে চলে যায়। লৌকিকতা প্রদর্শন হিসেবেও দিবসটির অধিকাংশ মুসলমানই কোনো খোঁজখবর রাখে বলে মনে হয় না। সর্বশেষ নবী–রাসুল (সা.) এই প্রথম মুসলমানের পরিচয় দিয়েছেন এবং প্রশংসা করেছেন এভাবে: রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করা হয়, আপনার দৃষ্টিতে কে সবচেয়ে বেশি প্রিয়? তিনি বলেন, হজরত আয়েশা (রা.)। লোকেরা আরজ করল, আমাদের উদ্দেশ্য পুরুষদের মধ্যে কে? হুজুর (সা.) বললেন, তাঁর (আয়েশার রা.) পিতা। রাসুলুল্লাহ (সা.) প্রায় বলতেন, যারা আমার প্রতি কোনো প্রকারের এহসান বা উপকার করেছে, আমি তাদের প্রতিদান দিয়েছি হজরত আবু বকর সিদ্দীক (রা.) ব্যতীত। আমার ওপর তাঁর বিরাট উপকার রয়েছে, তার প্রতিদান কেয়ামতের দিন স্বয়ং আল্লাহতালা দেবেন। রাসুলুল্লাহ (সা.)-এর উল্লিখিত বক্তব্যের ব্যাখ্যা তাঁর অপর একটি উক্তিতে বিদ্যমান। তিনি বলেন, আমার প্রতি কারও উপকার হজরত আবু বকর (রা.) অপেক্ষা অধিক নয়। তিনি তাঁর জান–মাল দিয়ে আমায় সাহায্য করেছেন, উপরন্তু তাঁর কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। এক রাতে রাসুল (সা.) আবু বকর (রা.)-এর দরজায় কড়া নাড়লেন। প্রথম ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর (রা.) সাড়া দিলেন। রাসুল (সা.) আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখনো ঘুমাওনি? আবু বকর (রা.) বললেন, আপনি যেদিন হিজরতের কথা বলেছেন, সেদিন থেকে আমি আর বিছানায় শরীর লাগাইনি। আমি প্রতিদিন দরজার পাশে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করি। নবী (সা.) তাঁকে চার মাস আগে হিজরতের কথা বলেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসুল (সা.)-এর সঙ্গে আবু বকর (রা.) তিন দিন ও তিন রাত মক্কার সাওর পাহাড়ের গুহায় ছিলেন।
উম্মুল মোমেনীন হজরত আয়েশা (রা.) বলেন, একরাত আসমানে নক্ষত্ররাজি ঝকঝক করছিল। আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসুল! আপনার উম্মতের মধ্যে কারও নেকি বা পুণ্য কি আসমানের তারকারাজির সমান হবে? তিনি বললেন, হ্যাঁ আয়েশা! উমর ফারুক (রা.)-এর পুণ্যগুলো আসমানের তারকারাজির সমান হবে। হজরত আয়েশা (রা.) বলেন, আমার ধারণা ছিল যে হুজুর (সা.) আমার আব্বাজানের নাম উল্লেখ করবেন। কিন্তু আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসুল! তাহলে আমার আব্বাজানের? হুজুর বললেন, বিচলিত হওয়ার কিছু নেই আয়েশা! হজরত আবু বকর (রা.)-এর কেবল হিজরত রজনীর পুণ্যগুলো উমর (রা.)-এর সমগ্র জীবনের পুণ্যগুলোর অধিক হবে। হজরত আবু বকর সিদ্দীক (রা.)-এর পক্ষে হুজুর (সা.)-এর নৈকট্য লাভের যত সুযোগ হয়েছিল, তিনি হুজুর (সা.)-এর প্রকাশ্য ও গোপন বিষয়াদি সম্পর্কে যত বেশি অবহিত ছিলেন এবং হুজুর (সা.)-এর প্রতি তাঁর যে গভীর আস্থা ও বিশ্বাস ছিল, তা আর কারও ছিল না। রাসুলুল্লাহ (সা.) গভীর রাত পর্যন্ত তাঁর কাছে বসে মুসলমানদের সমস্যাবলি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ–আলোচনা করতেন এবং অধিকাংশ সময় তাঁর পরামর্শকে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন। হুজুর (সা.)-এর নিকট তিনি কত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, হুজুর (সা.)-এর উল্লিখিত কয়েকটি উক্তি ও মন্তব্য হতে তা সহজে অনুমান করা যায়। রাসুলুল্লাহ (সা.)-এর নিকট এত বড় মর্যাদার অধিকারী আর কোনো সাহাবি ছিলেন না। তিনি ছিলেন তাঁর গোত্রের অত্যন্ত জনপ্রিয়, বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহেলি যুগেও কখনো শরাব পান করেননি। তাঁর অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তাঁর সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। তাঁর বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত।
আমীরুল মোমেনীন হজরত আবু বকর (রা.)-এর দুটি উপাধি সর্বাধিক পরিচিত আবু বকর এবং সিদ্দীক। এ দুটি উপাধি জাহেলিয়াত ও ইসলাম উভয় যুগেই সর্বাধিক পরিচিতি লাভ করে। তাঁর অপর একটি উপাধি ছিল আতীক। অতি সুন্দর, খুবসুরতকেও আতীক বলা হয়। হজরত আবু বকর সিদ্দীক (রা.) ছিলেন অতি সুদর্শন–সুন্দর।
হজরত আবু বকর সিদ্দীক (রা.)-এর সৌভাগ্য হয়েছিল যে হুজুর (সা.) তাঁকে হিজরি নবম সালে নিজের প্রতিনিধি রূপে আমীরুল হজ মনোনীত করে মক্কায় প্রেরণ করেন এবং ইন্তেকালের পূর্বে তিনি ১৭ ওয়াক্ত নামাজের ইমামতি করেন। তাঁর শ্রেষ্ঠত্বের কথা পবিত্র কোরআনের ১৭টি স্থানে ইশারা–ইঙ্গিতে বলা হয়েছে। তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাটবিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহেদির খিজাব লাগাতেন। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন। রাসুলুল্লাহ (সা.)-এর ওফাতের পর মুসলমানগণ আমীরুল মোমেনীন ও খলিফা হিসেবে হজরত আবু বকর সিদ্দীক (রা.)-কে মনোনীত করেন। তাঁর খেলাফতকাল ছিল দুই বছর তিন মাস ১১ দিন। খেলাফতের এই গুরুত্বপূর্ণ পদ গ্রহণের পর তিনি সর্বপ্রথম যে তিনটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, সেগুলো হচ্ছে প্রথমত: জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ; দ্বিতীয়ত: নবুওয়াতের মিথ্যা দাবিদারদের মূলোৎপাটন; তৃতীয়ত: মুরতাদ দমন। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক (রা.) ১৩ হিজরিতে ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন। রাসুল (সা.)-এর রওজা মোবারকের পাশে তাঁকে দাফন করা হয়। হজরত ওমর ফারুক (রা.) তাঁর জানাজায় ইমামতি করেন। ইসলামের এই প্রথম খলিফা ও প্রথম মুসলিম পুরুষ চিরস্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় রয়েছেন। আল্লাহতায়ালা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
লেখক: ইসলামি গবেষক ও কলামিস্ট।












