বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক–কর্মচারীদের ১৯৮০ সালের পূর্ব পর্যন্ত সরকার থেকে নামমাত্র ভাতা প্রদান করা হতো। কিন্তু আজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক–কর্মচারীদের প্রাপ্তির পরিমাণ তুলনামূলকভাবে অনেক ভালো। যদিও আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে বর্তমানে অনীহা প্রকাশ করছে। তথাপি এ পর্যায়ে আসতে স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশে প্রত্যেকটা সরকারের সময় আন্দোলন–সংগ্রাম করতে হয়েছে। ১৯৭৮–১৯৭৯ সালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস নেতৃত্বাধীন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এবং বাশিসের আন্দোলনের প্রেক্ষিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার ১৯৮০ সালে জাতীয় পে–স্কেলে অন্তর্ভুক্ত করে মূল বেতনের ৫০% প্রদান ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। পরবর্তীতে এরশাদ সরকারের সময় দীর্ঘদিন শিক্ষক আন্দোলনের ফলে স্কেলের ২০% প্রদান করে ৭০% উন্নীত করা হয়। ১৯৯৩ ও ১৯৯৪ সালে শিক্ষক–কর্মচারী লিয়াজোঁ কমিটির নেতৃত্বে ঐতিহাসিক শিক্ষক আন্দোলন, ১৯৯৭ সালের শিক্ষক আন্দোলন, ২০০১–২০০২ সালের শিক্ষক আন্দোলন, ২০০৬–২০০৭ সালের শিক্ষক আন্দোলন, ২০১২–২০১৩ সালে সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার জন্য শিক্ষক আন্দোলন ও ২০১৫ সালে স্বয়ংক্রিয়ভাবে পে–স্কেলে অন্তর্ভুক্তির জন্য চাপ প্রয়োগের আন্দোলন ও ২০১৮ সালের ঐতিহাসিক শিক্ষক আন্দোলনের আমরা সাক্ষী। হয়তো অনেকেরই এ আন্দোলনের স্মৃতি এখনো কিছু কিছু মনে আছে। এসব আন্দোলনে অনেক শিক্ষক নেতা নির্যাতিত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, তাঁদের ত্যাগ কোনো দিন শিক্ষক সমাজ ভুলতে পারবে না। তাঁদের আত্মত্যাগের কারণেই আজকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারী হিসেবে আমরা এ পর্যায়ের সুবিধা পাচ্ছি। আন্দোলন–সংগ্রাম ছাড়া শিক্ষক–কর্মচারীদের এযাবৎ কোনো প্রাপ্তি হয়নি।
১৯৮০ সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে বেসরকারি শিক্ষক–কর্মচারীদের স্কেলভুক্ত করে ৫০% অনুদান দেওয়া শুরু হয়। এরশাদ সাহেবের সরকারের আমলে ৫০% থেকে ৭০% এ উন্নীত হওয়া এবং ১০০ টাকা বাড়িভাড়া, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে ৭০% থেকে ৮০% এ উন্নীত হওয়া, ১৯৯৭ সালে শেখ হাসিনা সরকারের আমলে স্বয়ংক্রিয়ভাবে পে–স্কেলে অন্তর্ভুক্তি হওয়া এবং স্কেলের ৮০% থেকে ৯০% এ উন্নীত হওয়া, ২০০৬ সালে আবারও বেগম খালেদা জিয়া সরকারের আমলে আন্দোলনের পর শিক্ষকদের জন্য ২৫% ও কর্মচারীদের জন্য ৫০% উৎসব ভাতা এবং মূল বেতনের ৯০% থেকে ৯৫% এ উন্নীত হওয়া, ২০০৭–০৮ সালে ফখরুদ্দিন ও মঈনুদ্দিন সরকারের আমলে ১০০% এ উন্নীত হওয়া, ২০১২–২০১৩ সালে শেখ হাসিনা সরকারের আমলে আন্দোলনে ১০০০ টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাওয়া, এরপর সরকার পে–স্কেল ঘোষণা করলে শিক্ষকদের চাপ প্রয়োগের ফলে ২০১৫ সালে স্বয়ংক্রিয়ভাবে পে–স্কেলভুক্ত হওয়া, ২০১৮ সালের ঐতিহাসিক আন্দোলনে ঐতিহাসিক বিজয় হচ্ছে মূল বেতনের ৫% প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রাপ্তি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি প্রাপ্তি, এটি একটি অসামান্য অর্জন। আর্থসামাজিক ব্যবস্থায় সরকারি শিক্ষকদের মতো এটা এক বিশাল প্রাপ্তি। এক এক সময় এক এক সরকারের সময়ে কখনো একাকী, কখনো যুগপৎ, কখনো যৌথ আন্দোলনের মাধ্যমে শিক্ষক–কর্মচারীদের সরকারি আর্থিক সুবিধাসমূহ অর্জন করা সম্ভব হয়েছে। সর্বশেষ ইন্টেরিম গভর্নমেন্টের আমলে এবারের আন্দোলনেও যখন হঠাৎ করে শিক্ষকদের উপর পুলিশি বর্বর আক্রমণ, গ্রেফতার, অপমান করা হয় তখনই যিনি যে সংগঠনের সাথে যুক্ত থাকুক না কেন, সকলে প্রতিবাদ, নিন্দা, কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আন্দোলন বেগবান করায় বিশেষ করে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষকদের এ আন্দোলনে সরাসরি সমর্থন জানানোর কারণে শিক্ষকদের ন্যূনতম দাবিগুলো মানতে সরকার সম্মত হয়। এ অর্জন সকল শিক্ষক সমাজের, এ অর্জন সকল রাজনৈতিক দলের, এ অর্জন অন্তর্বর্তী সরকারের। কেননা এ সরকারই প্রথম নভেম্বর ২০২৫ হতে ৭.৫% ও জুলাই ২০২৬ হতে ১৫% শতাংশ হারে শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়ার অন্তর্ভুক্ত করলেন। এ সকল প্রাপ্তি ও অর্জনের জন্য সকল সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই।
কিন্তু শিক্ষক–কর্মচারীদের সুযোগ–সুবিধা বৃদ্ধি পেলেও বর্তমান সময়ের আর্থিক বিবেচনায় তা যথেষ্ট কিনা তা অবশ্যই আপেক্ষিক বিষয়। যে পেশায় শিক্ষকগণ যুক্ত হয়েছেন সে পেশা হলো সকল পেশা সৃষ্টিকারী পেশা। প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়মিত ও নির্ধারিত সময়ে উপস্থিতি, শিক্ষা উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী, বাস্তবভিত্তিক, দীর্ঘস্থায়ী ও আকর্ষণীয় করে পাঠদান করা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কনট্যাক্ট আওয়ার বৃদ্ধি করা, শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন করা, প্রশাসন ও শিক্ষকদের দূরত্ব কমানো, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও নিয়মানুবর্তিতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্রের সতেজ ও মজবুত ভিত তৈরি করা, শ্রেণিকক্ষে অংশগ্রহণ পদ্ধতিতে শিক্ষার্থীদের চিন্তাশক্তির উন্মেষ ঘটিয়ে দুর্বল দিকগুলো দূরীভূত করে আত্মবিশ্বাস, উদ্যমশীলতা, নিয়মানুবর্তিতা ও সৃজনশীলতা বৃদ্ধি করা, প্রাক্প্রস্তুতি নিয়েই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও বিচক্ষণতার সহিত পাঠদান করা এবং মূল্যায়ন করাই বর্তমান সময়ের ও যুগের চাহিদা। এর ব্যত্যয় ঘটলে শিক্ষকরা রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারের নিকট প্রশ্নবিদ্ধ হবেন। শিক্ষকদের শুধু আর্থিক সুবিধা বৃদ্ধি বা প্রাপ্তির বিষয়ে সচেতন থাকলেই হবে না, বরং শিক্ষকরা নিজেদের পেশার মর্যাদা বৃদ্ধি, সচেতন থেকেই নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করেই যুগের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা।
লেখক: প্রাক্তন অধ্যক্ষ, পশ্চিম পটিয়া এ. জে চৌধুরী কলেজ।












