প্রযুক্তিগত বিপ্লব মানবজীবনকে বদলে দিয়েছে

আইআইইউসি’তে আন্তর্জাতিক কনফারেন্সে বাউবি উপাচার্য

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন, মানবিক বিদ্যা কেবল অতীতের জ্ঞান সংরক্ষণেই সীমাবদ্ধ নয়, বরং বর্তমানকে বোঝা এবং আরও মানবিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এটি একটি অপরিহার্য বুদ্ধিবৃত্তিক ভিত্তি। হিউম্যানিটিজ ৫.০ নিছক কোনো নতুন একাডেমিক বিষয় নয়, বরং মানবজীবনকে আরও ন্যায়সঙ্গত, মর্যাদাপূর্ণ ও অর্থবহ করে তুলতে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়ার একটি বুদ্ধিবৃত্তিক অঙ্গীকার। সভ্যতার ইতিহাসজুড়ে প্রযুক্তিগত বিপ্লবগুলো মানবজীবনকে বদলে দিয়েছে। তবে ঐতিহাসিক প্রমাণ দেখায় যে কেবল প্রযুক্তিগত অগ্রগতি একটি সভ্যতার মহত্ত্ব নির্ধারণ করে না। প্রকৃত মহত্ত্বের শিকড় রয়েছে মানবতা, নৈতিক মূল্যবোধ, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ, ন্যায়বোধ এবং মানবকল্যাণের অঙ্গীকারে। সম্মিলিতভাবে ইতিহাস, দর্শন এবং সাহিত্য অনুসন্ধিৎসা, সত্যের অন্বেষণ এবং মানবজীবনের বাস্তবতা সম্পর্কে আবেগীয় অন্তর্দৃষ্টি গড়ে তোলে, অন্যদিকে ভাষাতত্ত্ব, সাংস্কৃতিক অধ্যয়ন এবং সমাজবিজ্ঞানের মতো শাখাগুলো আমাদের বহুত্ববাদ ও সহনশীলতা বুঝতে সাহায্য করে এবং ক্ষমতার গতিশীলতা, বৈষম্য ও সামাজিক পরিবর্তনকে স্পষ্ট করে তোলে। হিউম্যানিটিজ ৫.০–এর মৌলিক লক্ষ্য হলো–প্রযুক্তিগত অগ্রগতি যেন কেবল যন্ত্র ও ডেটার উৎপাদনশীলতার বদলে মানুষের কল্যাণ, মর্যাদা ও মূল্যবোধের সেবা করে তা নিশ্চিত করা।

হিউম্যানিটিজ ৫.০ এমন একটি মানসিকতাকে সমর্থন করে, যেখানে মানুষ জ্ঞান, বিবেক, নীতিবোধ ও সৃজনশীলতার মাধ্যমে প্রযুক্তিকে পরিচালনা করবে। কিন্তু এর বিপরীত নয়। তিনি বলেন, আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তিগুলো মানবজীবন, জ্ঞান সৃষ্টি, কর্মক্ষেত্র এবং সামাজিক কাঠামোকে দ্রুত বদলে দিচ্ছে। প্রযুক্তি আর কেবল একটি সুবিধাজনক হাতিয়ার নয়, বরং এটি এখন আমরা কীভাবে চিন্তা করি এবং কীভাবে জ্ঞান উৎপাদন করি, সেটিকেও সক্রিয়ভাবে প্রভাবিত করছে। তরুণদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রাম, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক রূপান্তরের ইতিহাস সম্পর্কে পরিচিত থাকা অত্যন্ত জরুরি। প্রযুক্তি আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণ এবং বৈশ্বিক প্রচারকে সহজতর করতে পারে। গতকাল বৃহস্পতিবার আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদ এবং আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত দুদিন ব্যাপী আন্তজার্তিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলা ও মানবিক অনুষদের ২য় এবং আইআইইউসি’র ২১ তম এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য দেন, সোয়াত ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. হুসনুল আমিন, আইআইইউসি’র বোর্ড আব ট্রাাস্টিজের সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, প্রফেসর ড. মোহীত উল আলম , ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিরেক্টর স্কট হার্টম্যান। বক্তব্য দেন, আইআইইউসি’র উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ এবং আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের ডিরেক্টর প্রফেসর ড. মো. তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম।

উল্লেখ্য, আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কানাডা, ফিলিপাইন, আলজেরিয়া, ফিলিস্তিন, উগান্ডা প্রভৃতি দেশসহ ২৪টি দেশের প্রসিদ্ধ ৪৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষক–প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে : তথ্যমন্ত্রী