খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও প্রতিমাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ায় অবস্থিত বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ জানান, রাতের আঁধারে মন্দিরে থাকা বিভিন্ন প্রতিমার স্বর্ণের আংটি, ব্রেসলেট, লকেট, গলার সেট, চেইন, চুড়ি ও মাথার তাজ চুরি হয়েছে। এছাড়া রুপার আংটি, পিতল ও কাঁসার প্রতিমা এবং পূজার বিভিন্ন সামগ্রীও নিয়ে গেছে চোরেরা। তাদের দাবি, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী। তিনি জানান, মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলেছেন। প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












