বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক–১’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। গত ২ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের কোস্ট গার্ড বেইসে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত উপমিশন প্রধান মিস ত্রিশিতা মওলা। খবর বাসসের।
বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করতে এ যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়বে। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












