সীমার মাঝে অসীম : টাইসন থেকে রবীন্দ্রনাথ

ড. সনিয়া কাদেরী | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

খ্যাতনামা জ্যোতিপদার্থবিদ নীল ডিগ্রাস টাইসনের পাঠক সমাদৃত বেস্টসেলার ‘টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড’ মহাকাশবিষয়ক বইটি অতি সম্প্রতি পড়ে শেষ করলাম।

অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বইটিতে তুলে ধরা হয়েছে, কীভাবে আমাদের চেনা পৃথিবী থেকে শুরু করে অনুসন্ধানের পরিধি ক্রমশ প্রসারিত হয়ে পৌঁছে যায় বিশাল মহাজাগতিক বিস্তৃতিতে, যা শেষ পর্যন্ত আমাদের পরিচিত জ্ঞানের সীমানা ছাড়িয়ে অসীমের দিকে ধাবিত হয়। শিশু–কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক–সব বয়সের পাঠকের মনে এই বইটি নতুন ভাবনার উদ্রেক করবে। বইটি শেষ করার পরও তার রেশ কাটেনি মন থেকে।

ভোরের আলো ফোটার আগের স্নিগ্ধ, মায়াময় মুহূর্তে প্রাতঃভ্রমণের প্রাক্কালে, চাঁদের অবয়ব মিলিয়ে যাওয়ার সময় দিগন্তজুড়ে আলো–আঁধারির যে লুকোচুরি খেলা দেখতে দেখতে গ্রহমণ্ডলীর পরিক্রমা আর দূর আকাশের তারাদের ইতিবৃত্ত নিয়ে এক স্বপ্নিল ভাবনায় ডুবে গিয়েছিলাম। মনের অজান্তেই গুন গুন করে উঠলাম-‘আকাশ ভরা সূর্য–তারা, বিশ্ব ভরা প্রাণ’ আর সে গানের ছন্দে মনে সঞ্চারিত হলো এক বিস্ময়কর অনুভূতি। নীল ডিগ্রাস টাইসন বিজ্ঞানের ভাষায় যে মহাজাগতিক সত্য ও বিস্ময়ের কথা ব্যক্ত করেছেন, সেই মহাদর্শন যেন রবীন্দ্রনাথ বহু আগেই ধারণ করেছিলেন তাঁর গান ও কবিতায়, হয়তো কখনো গভীরভাবে ভেবে দেখিনি। সাহিত্য আর বিজ্ঞানের এই অসাধারণ মেলবন্ধন নতুন রূপে উপলব্ধি করলাম টাইসনের বইয়ের মাধ্যমে।

আসলে শিল্প, সাহিত্য ও বিজ্ঞান–সবকিছুর মূলে একটিই আকুতি, নিজেকে আর এই বিশাল সৃষ্টিকে জানার চিরন্তন তৃষ্ণা। মহাকাশবিষয়ক বইটির নিগূঢ় বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিস্মিত না হয়ে পারা যায় না, বহু ক্ষেত্রেই মনে হয়, কবিগুরুর সৃষ্টিদর্শন আর আধুনিক বিজ্ঞানের ভাবনা যেন একই অদৃশ্য সুতোয় গাঁথা।

ছেলেবেলায় রবীন্দ্রনাথের আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে জেনেছি, তাঁর শৈশবে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দূর আকাশের নক্ষত্র পর্যবেক্ষণের অভিজ্ঞতার কথা। খোলা আকাশের নিচে বসে পিতার কাছে তাঁর মহাকাশবিদ্যার হাতেখড়ি–বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও সপ্তর্ষিমণ্ডলকে চিনে নেওয়ার মধ্য দিয়ে। সেই শৈশবের মুগ্ধতার প্রতিফলন ঘটেছে তাঁর অমর সৃষ্টি, কালজয়ী গান ও কবিতায়, যেখানে অসীমের সন্ধানে ‘বিস্ময়ে জেগেছে প্রাণ’। অনন্তের অন্বেষণের সেই মহাযাত্রায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার অন্যতম পথিকৃৎ।

এবার ফিরে আসি নীল ডিগ্রাস টাইসনের বইয়ের প্রসঙ্গে। বইটির আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে দৃশ্যমান বর্ণালির বাইরের ইনফ্রারেড ও আল্ট্রাভায়োলেট রশ্মি। আমরা খালি চোখে রাতের আকাশে যে মহাবিশ্ব দেখি, তা তার বিশালতার সামান্য একটি ঝলকমাত্র। সেই অদৃশ্য তরঙ্গদৈর্ঘ্য পর্যবেক্ষণের মাধ্যমেই মহাবিশ্বের এমন অনেক রহস্য উন্মোচিত হয়, যা আমাদের দৃষ্টিসীমার বাইরে।

মহাকাশের নানাবিধ ক্রিয়া প্রক্রিয়া বুঝতে এই দুই ধরনের বিকিরণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্ট্রাভায়োলেট রশ্মি পর্যবেক্ষণের মাধ্যমে মহাকাশবিজ্ঞানীরা উত্তপ্ত ও নবীন নক্ষত্র, নক্ষত্রের জন্মপ্রক্রিয়া, গ্যালাক্সির বিবর্তন এবং কৃষ্ণগহ্বরের আশপাশের উত্তপ্ত পদার্থের বিকিরণ সম্পর্কে জানতে পারেন। আবার নতুন নক্ষত্র ও গ্রহমণ্ডলী সৃষ্টিলগ্নে ঘন মহাজাগতিক ধূলিকণা ও গ্যাসে আবৃত থাকে। এই ধূলিকণা দৃশ্যমান আলো শোষণ বা বিচ্ছুরিত করলেও ইনফ্রারেড রশ্মির অনেকাংশ তার মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। ফলে ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীরা ধূলির আবরণে ঢাকা নক্ষত্র গঠনের প্রাথমিক পর্যায়গুলি পর্যবেক্ষণ করতে পারেন। এর অন্যতম উদাহরণ নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই শক্তিশালী ইনফ্রারেড টেলিস্কোপের সাহায্যে প্রাচীন গ্যালাক্সি, ধূলির আড়ালে থাকা নক্ষত্র গঠন, কৃষ্ণগহ্বরের আশপাশের পরিবেশ এবং প্রাক্‌–গ্রহমণ্ডলীর নানা বিস্ময়কর ছবি আমাদের সামনে উঠে আসছে। প্রসারিত হচ্ছে মহাবিশ্বকে জানার পরিধি।

অন্যদিকে, রবীন্দ্রনাথের ভাবনাতেও যেন এই অদৃশ্য আলোর এক কাব্যিক অনুরণন খুঁজে পাই। যুক্তি ও আবেগের অভূতপূর্ব সম্মিলন ঘটেছে তাঁর সৃষ্টিতে। যার এক অনন্য প্রকাশ-‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে’। ১৯৩৭ সালে প্রকাশিত তাঁর বিজ্ঞানবিষয়ক গ্রন্থ বিশ্বপরিচয়–এ আল্ট্রাভায়োলেট ও ইনফ্রারেড সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি ব্যবহার করেছিলেন চমৎকার বাংলা পরিভাষা-‘বেগনি পারের আলো’ এবং ‘লাল–উজানী আলো’। দৃশ্যমান আলোর সীমা পেরিয়ে এই দুই গুপ্ত আলোর পরিচয় তুলে ধরে তিনি পাঠককে বুঝিয়েছিলেন, চোখে দেখা চারপাশটি সমগ্র পরিমণ্ডল নয়। অদৃশ্যের মধ্যেও লুকিয়ে রয়েছে বিশাল জগত। এখানে বিজ্ঞানচর্চার পাশাপাশি যেন এক গভীর দার্শনিক উপলব্ধিও প্রকাশ পেয়েছে।

টাইসনের বইয়ে আলোর আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য–তার তরঙ্গ ও কণা–দ্বৈত রূপ–নিয়ে চমৎকার আলোচনা রয়েছে। একসময় বিজ্ঞানীরা মহাকাশে ‘ইথার’ নামে এক অদৃশ্য মাধ্যমের অস্তিত্ব কল্পনা করতেন, যার মধ্য দিয়ে আলো চলাচল করে বলে তাঁদের ধারণা ছিল। পরবর্তীকালে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্বসহ আধুনিক পদার্থবিজ্ঞানের অগ্রগতির কারণে ইথারের ধারণা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আলোর গতি শূন্যস্থানে ধ্রুবক–এটিই আধুনিক পদার্থবিজ্ঞানের কেন্দ্রীয় মূলনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

আলোর এই দ্বৈত প্রকৃতিই মহাবিশ্বকে জানার মূল ভিত্তি। ফোটন আলোর শক্তির ক্ষুদ্রতম কোয়ান্টাম, আবার আলো তরঙ্গের মতো আচরণ করে। এই তরঙ্গধর্মের সাহায্যে দূর মহাকাশ থেকে আসা আলোর বর্ণালি বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্র ও গ্যালাক্সির মৌলিক উপাদান, তাপমাত্রা, গতি এবং অন্যান্য বৈশিষ্ট্য নির্ণয় করেন।

অন্যদিকে, ফোটনের সঙ্গে পদার্থের পারস্পরিক ক্রিয়ায় সৃষ্ট সংকেত পরিমাপের মাধ্যমে দূর মহাকাশ থেকে আগত অত্যন্ত ক্ষীণ আলোক বিকিরণও শনাক্ত করা হয় টেলিস্কোপ দ্বারা আর এভাবেই সম্ভব হয়েছে মহাবিশ্বের অসংখ্য জ্যোতিষ্কের ছবি ধারণ ও তার বিশদ মানচিত্র তৈরি করা।

রবীন্দ্রনাথের সাহিত্যেও আলোর এই বিস্ময়কর দ্বৈততার সঙ্গে যেন এক অপূর্ব কাব্যিক সাদৃশ্য খুঁজে পাই। ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’–এখানে আলো যেন ঝর্ণার মতো প্রবহমান, তরঙ্গায়িত। আবার ‘আপনাকে এই আবিরে রাঙিয়ে দাও’–এই পঙ্‌ক্তিতে আলো যেন রঙিন কণিকার মতো আমাদের কল্পনায় ধরা দেয়। অবশ্য এটি বিজ্ঞানের তরঙ্গ–কণা দ্বৈততার আক্ষরিক ব্যাখ্যা নয়, বরং বৈজ্ঞানিক বিস্ময়ের সঙ্গে কবির কল্পনার এক চমৎকার সাযুজ্য। কেবল সাহিত্যেই নয়, ‘বিশ্বপরিচয়’ গ্রন্থেও রবীন্দ্রনাথ আলোর প্রকৃতি ও তার অন্তর্নিহিত বৈজ্ঞানিক তাৎপর্য নিয়ে গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন। ফোটনের বাংলা প্রতিশব্দ হিসেবে তিনি আলোর কণা–ধর্ম বোঝাতে ‘জ্যোতিষ্কণা’ শব্দটি সৃজনশীলভাবে প্রয়োগ করেছেন।

টাইসনের বইটির সিংহভাগ জুড়েই রয়েছে আমাদের সৌরজগৎ সম্পর্কে নতুন গবেষণালব্ধ তথ্য, যা পৃথিবীর উৎপত্তি, মহাবিশ্বে আমাদের অবস্থান এবং মহাকাশ অনুসন্ধানের ইতিহাস বুঝতে সাহায্য করে। মানবসভ্যতার সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষ বৈজ্ঞানিক গবেষণা ও মহাকাশ অভিযানের মাধ্যমে সৌরজগৎ সম্পর্কে জানার নিরন্তর চেষ্টা চালিয়ে এসেছে। প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয় জ্যোতির্বিজ্ঞানীগণ সূর্য, চাঁদ ও গ্রহের গতিবিধি পর্যবেক্ষণ করে জ্যোতির্বিজ্ঞান ও সৌরজগৎ সম্পর্কে মূল্যবান জ্ঞান আহরণ করেন। যার ধারাবাহিকতায় আধুনিক যুগের অনুসন্ধানের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত ২০২২ সালের নাসার আর্টেমিস–১ অভিযান। এই অভিযানে মানুষবিহীন ওরিয়ন মহাকাশযান চাঁদকে প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীদের আকাশ পর্যবেক্ষণ থেকে আধুনিক মহাকাশ অভিযানের এই দীর্ঘ যাত্রা আমাদের সৌরজগৎকে নতুনভাবে চিনিয়েছে এবং বহু প্রচলিত ধারণার পরিবর্তন ঘটিয়েছে।

অপরদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামের মধ্যেই যেন সূর্যের আলো লুকিয়ে আছে-‘রবি’ অর্থ সূর্য। তাঁর সাহিত্যেও সেই সূর্যের আলো, প্রকৃতি ও মহাবিশ্বের অপার সৌন্দর্য বারবার প্রতিফলিত হয়েছে। তাঁর গান ও কবিতায় সূর্য, চাঁদ, নক্ষত্র ও আলোর অনুষঙ্গ সৃষ্টি করেছে এক অপূর্ব মহাজাগতিক আবহ। ‘আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা’–এই গানে তিনি আলোকে জীবনের সৌন্দর্য ও সৃষ্টির প্রতীক হিসেবে তুলে ধরেছেন। এমনকি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সৌরজগতের একটি গ্রহাণুর নাম রাখা হয়েছে ‘৭৮৫৫ টেগোর’ যেন রবিরশ্মি মহাকাশেও সমুজ্জ্বল হয়ে থাকে অনন্তকাল ধরে।

সূর্যের প্রসঙ্গ ধরেই আসে চাঁদের কথা। টাইসন তাঁর বইয়ে একটি চমকপ্রদ বিষয় তুলে ধরেছেন–পৃথিবীর অক্ষের স্থিতিশীলতা বজায় রাখতে চাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চাঁদের মহাকর্ষীয় প্রভাব না থাকলে পৃথিবীর অক্ষের অবস্থান অস্থিতিশীল হয়ে পড়তো যার প্রভাব পড়ত জলবায়ু ও ঋতুচক্রের ওপর। তাই জীবনের বিবর্তন ও ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও চাঁদের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

চাঁদের সঙ্গে পৃথিবীর মহাকর্ষীয় সম্পর্কের কাব্যিক ব্যঞ্জনা যেন খুঁজে পাই রবীন্দ্রনাথের গানে-‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো’। এই নিবিড় আন্তঃসম্পর্কের প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে সমুদ্রের জোয়ার–ভাটার অবিরাম চক্র। কবিগুরুর ভাষায় তা বাঙ্‌ময় হয়ে উঠে-‘অসীম কালের যে হিল্লোলে জোয়ার–ভাটার ভুবন দোলে’। এ যেন পৃথিবী ও চাঁদের মহাকর্ষীয় মিথস্ক্রিয়ার এক অপূর্ব কাব্যিক প্রকাশ।

সৌরজগতের পাশাপাশি টাইসন তাঁর গ্রন্থে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের বিস্ময়কর বৈজ্ঞানিক রহস্যও তুলে ধরেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় আকর্ষণ এতটাই প্রবল যে তার ভেতর থেকে আলোও বাইরে নির্গত হতে পারে না। এটি স্থান, কাল, আলো ও মহাকর্ষ সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়।

রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে মহাবিশ্বের সেই গভীরতম রহস্যই ধরা দিয়েছে এক অনির্বচনীয় নান্দনিকতায়। টাইসন যেখানে কৃষ্ণগহ্বরের অন্ধকারকে বিজ্ঞানের মাধ্যমে ব্যাখ্যা করেন, রবীন্দ্রনাথ সেখানে আলো ও অন্ধকারের রহস্যকে অনুভব করেন কল্পনা, দর্শন ও কাব্যিক অন্তর্দৃষ্টির মাধ্যমে। যেমন তাঁর গান-‘আকাশ হতে খসল তারা, আঁধার রাতে পথহারা’–শুনলে মনে হয়, যেন কোনো নক্ষত্রের অন্তিম পরিণতিই এক বিষাদময় দ্যোতনায় ভরে উঠেছে।

টাইসন যেমনটি উল্লেখ করেন, বিশাল নক্ষত্রের শেষ লগ্নে সুপারনোভা বিস্ফোরণের পরই কৃষ্ণগহ্বরের জন্ম হতে পারে। রবীন্দ্রনাথের ‘তারা হারিয়ে যাওয়া’র চিত্রকল্পে মহাজাগতিক জন্ম–মৃত্যু ও অনিশ্চয়তার যে গভীর অনুভূতি ফুটে উঠেছে, তা বিজ্ঞানের এই বিস্ময়কর সত্যের সঙ্গে একাত্ম হয়ে যায়।

গ্রহ–নক্ষত্র, সৌরজগৎ ও মহাশূন্য পরিভ্রমণের পর টাইসনের বইয়ের উপসংহারে ফিরে আসে এক গভীর বৈজ্ঞানিক উপলব্ধি–স্থান ও কাল আলাদা কোনো সত্তা নয়, তারা একত্রে মহাবিশ্বের অবিচ্ছেদ্য কাঠামো, যাকে আমরা স্থান–কাল বা স্পেসটাইম বলি। এই ধারণার মধ্য থেকেই আমরা জানতে পারি সময়ের আপেক্ষিকতা, মহাকর্ষের প্রভাবে সময়ের পরিবর্তন এবং সময় ভ্রমণের মতো রোমাঞ্চকর তাত্ত্বিক সম্ভাবনা সম্পর্কে। পাশাপাশি বহুবিশ্বতত্ত্বের মতো নতুন নতুন ধারণাও আমাদের কল্পনা ও অনুসন্ধানের দিগন্তকে প্রসারিত করে। অবাক বিস্ময়ে ভাবি, এরও বহু আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন-‘মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে’। এখানে মহাকাশ ও মহাকাল যেনো অঙ্গাঙ্গীভাবে জড়িত। আবার ‘তোমার অসীমে অসংখ্য লোক’ কিংবা ‘অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়’–এই পঙক্তিগুলিতে যেন চিরায়ত বোধবুদ্ধির সীমা অতিক্রম করে আরেক অজানা মহাবিশ্বের সন্ধান মেলে।

এই অচিন বিশাল মহাকাশকে জানার আকাঙ্ক্ষাই মানবজাতিকে ভূমণ্ডল থেকে গ্রহ–নক্ষত্রের দিকে, মহাশূন্য থেকে কৃষ্ণগহ্বরের রহস্যের দিকে ধাবিত করেছে। ক্রমাগত বিস্তৃত হয়েছে আমাদের জানার জগৎ। মানুষের সহজাত এই অন্বেষণ–উড়তে চাওয়া, জানতে চাওয়া, পরিচিত সীমাকে অতিক্রম করে অসীমের পানে পাড়ি দেওয়া সম্পর্কে টাইসন মনে করিয়ে দেন, এই অনুসন্ধিৎসা আমাদের মানবসত্তার গভীরে প্রোথিত। রবীন্দ্রনাথও সারাজীবন সেই চিরন্তন আকাঙ্ক্ষারই জয়গান গেয়েছেন তাঁর অসংখ্য গানে-‘আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে’, ‘ওই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’, ‘অজানারে করেছি সন্ধান’।

আসলে বিজ্ঞানী যে মহাসত্যকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন, কবি তা হৃদয়ের অন্তঃস্থলে ধারণ করেন। টাইসন যখন বলেন, মানবজাতির সৃষ্টির উপাদানের সঙ্গে মহাজাগতিক ধূলিকণার গভীর সম্পর্ক রয়েছে, তখন রবীন্দ্রনাথের সেই অমর গানে যেন তারই এক অনন্য ঐকতান খুঁজে পাই– ‘আকাশ ভরা সূর্য–তারা, বিশ্ব ভরা প্রাণ,/ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,/ বিস্ময়ে তাই জাগে আমার গান।’

নীল ডিগ্রাস টাইসনের ‘টু ইনফিনিটি অ্যান্ড বিয়ন্ড’ বইটির মাধ্যমে মহাবিশ্বের সঙ্গে নতুন করে যেন রবীন্দ্রনাথকেই আবার আবিষ্কার করলাম। মনের অবচেতনে যে চিরচেনা গানের কলি চিন্তার সূত্রপাত ঘটিয়েছিল, সেটাই পূর্ণতা পেল রবীন্দ্রনাথের সৃষ্টিকে হৃদয়ে ধারণ করে।

অজানাকে জানতে হলে প্রয়োজন কল্পনার প্রসারিত দিগন্ত, বিস্ময়ের কাছে নিজেকে উন্মুক্ত করে দেওয়ার জন্য অদম্য অনুসন্ধিৎসা। মানবমনে সেই বিস্ময় থেকেই জন্ম নেয় কৌতূহল ও প্রশ্ন, আর অনুসন্ধানের সেই পথ ধরেই বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় একের পর এক নতুন সত্য, আবিষ্কার ও উদ্ভাবন।

জীবনের শেষ প্রান্তে এসে, মৃত্যুর মাত্র চার বছর আগে ১৯৩৭ সালে বিশ্বপরিচয় রচনা করে রবীন্দ্রনাথ উন্মোচন করেছিলেন মহাকাশচর্চার এক নতুন দুয়ার। ঘটিয়েছিলেন বিজ্ঞান ও সাহিত্যের এক অনবদ্য সেতুবন্ধন। তাঁর সেই চিন্তার পথ অনুসরণ করে হৃদয় আজ পাড়ি দিল অসীমের পানে–যেন আলোর স্রোতে পাল তোলা হাজারো প্রজাপতির ডানায় ভর করে দূরে কোথাও, আরও দূরে, সেই অনন্তের সন্ধানে। ইতি টানতে চাই এই দৃপ্ত উচ্চারণে -‘জয় হোক বিজ্ঞানের, অমর হোক সাহিত্য–যুগে যুগে উজ্জীবিত হোক মানুষের এই সত্য–অন্বেষণ।’

লেখক : যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ও গবেষক

পূর্ববর্তী নিবন্ধঋষিণ দস্তিদারের দুটি কবিতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৫৮ শিশু হাসপাতালে ভর্তি