চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি এবং বংশ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে এসব হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।
জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে এসব বার্তা পাঠানো হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইলে ‘এন এম জামাল’ নাম দেখা যায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
প্রথমে ইংরেজিতে বার্তা পাঠিয়ে ওসির পরিবারের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং তাঁর কার্যক্রম চালিয়ে গেলে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। পরে বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’ একই সঙ্গে এরপর ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
অন্য একটি বার্তায় ওসিকে গ্রেপ্তার অভিযান থেকে বিরত থাকতে বলা হয়। সর্বশেষ বার্তায় তাঁকে ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ওসি নিজেই ১৮ নভেম্বর রাতে জোরারগঞ্জ থানায় জিডি করেন। জিডি নম্বর ৯০৪।
এ বিষয়ে ওসি গণমাধ্যমকে বলেন, থানার পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেওয়ার সময় তাঁর সরকারি নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তাগুলো আসে। জোরারগঞ্জ থানা-পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করছে। এসব অভিযানের কারণে কোনো গোষ্ঠী তাঁকে হুমকি দিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
হুমকিদাতার নম্বরটি বিদেশি হলেও সেটি বাংলাদেশ থেকে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন ওসি। নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।












