এশিয়ার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আকসরা থিয়েটার কিং পাওয়ারে আয়োজিত ২০২৬ সালের এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবারের মতো এই স্বীকৃতি পান ট্রাক্টর এফসির এই গোলরক্ষক। এশিয়ান বর্ষসেরা পুরুষ ফুটবলারের দৌড়ে বেইরানভান্দের সঙ্গে ছিলেন সৌদি আরবের ফিরাস আল–বুরাইকান ও সালেম আল–দাওসারি। তবে ট্রাক্টর ও ইরান জাতীয় দলের হয়ে দুর্দান্ত একটি বছর কাটানো বেইরানভান্দের হাতেই উঠেছে পুরস্কার। এর মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন তিনি। ১৯৯৪ সালে এএফসি এই পুরস্কার চালু করার পর প্রথম গোলরক্ষক হিসেবে এশিয়ার বর্ষসেরা ফুটবলার হলেন বেইরানভান্দ। অনুষ্ঠানে এশিয়ার বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন উত্তর কোরিয়ার কিম কিয়ং–ইয়ং। এশিয়ার বাইরে খেলা সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লি কাং–ইন। আতলেতিকো মাদ্রিদের এই উইঙ্গারকে দেওয়া হয়েছে ২০২৬ সালের সেরা এশীয় খেলোয়াড়ের স্বীকৃতি। একই বিভাগে নারী ফুটবলারদের মধ্যে সেরা হয়েছেন আর্সেনালের অস্ট্রেলীয় ফরোয়ার্ড কেইটলিন ফোর্ড। এশিয়ার বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন জাপানের রিউনোসুকে সাতো। ভ্যালেন্সিয়ার হয়ে খেলা এই ফুটবলার জিতেছেন পুরস্কারটি। বর্ষসেরা তরুণ নারী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন উত্তর কোরিয়ার ইউ জং–হিয়াং। এশিয়ার বর্ষসেরা ফুটসাল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন থাইল্যান্ডের মুহাম্মদ ওসামানমুসা। কোচিং বিভাগে এশিয়ার বর্ষসেরা হয়েছেন জাপানের গো কুরোদা। তার অধীনে মাচিদা জেলভিয়া প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের আল–ইত্তিহাদ এবং সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল–আহলিকে হারায় দলটি। তবে ফাইনালে সৌদি ক্লাব আল–আহলির কাছে ১–০ গোলে হেরে যায় তারা। এশিয়ার বর্ষসেরা নারী কোচ হয়েছেন ইরানের ক্লাব বাম খাতুনের প্রধান কোচ মারজিয়ে জাফারি।









