গণহত্যার জন্য দায়ীদের বিচার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রত্যাবাসনের দাবি রোহিঙ্গাদের

আজাদী অনলাইন ডেস্ক | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৫৭ অপরাহ্ণ

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের এক দিন পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ক্যাম্প-৪-এর ফুটবল মাঠে রোহিঙ্গাদের এক সমাবেশে যোগ দিয়ে তিনি বলেছেন, গণহত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা উখিয়ার ক্যাম্প-৪-এর মাঠে জড়ো হতে থাকেন। সকাল পৌনে নয়টার দিকে সেখানে পৌঁছান খলিলুর রহমান। সকাল নয়টার দিকে সমাবেশ শুরু হলে মাঠে হাজারো রোহিঙ্গার উপস্থিতি দেখা যায়। মন্ত্রীকে তাঁরা করতালি দিয়ে স্বাগত জানান। সমাবেশে তাঁদের হাতে গণহত্যার বিচার, নিরাপদ প্রত্যাবাসন এবং মিয়ানমারে নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল।
সমাবেশে ড. খলিলুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত গণহত্যার বিষয়ে ঐতিহাসিক রায় দিয়েছে। এই প্রথম আদালত গণহত্যা সংঘটনের জন্য কোনো রাষ্ট্রকে দায়ী করেছে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের দীর্ঘ লড়াইয়ে এটি নতুন অধ্যায়।

আইসিজের রায়ের পর রোহিঙ্গা শিবিরগুলোতেও দেখা গেছে স্বস্তি, আনন্দ ও নতুন প্রত্যাশা। বৃহস্পতিবার রায়ের ঘোষণা ক্যাম্পে বড় পর্দায় দেখানো হয়। রায় ঘোষণার সময় অনেক রোহিঙ্গাকে উল্লাস ও করতালি দিতে দেখা যায়। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে রায়কে তাঁরা চূড়ান্ত প্রাপ্তি হিসেবে দেখছেন না। তাঁদের প্রত্যাশা, এই রায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিজ দেশে ফেরার পথ তৈরি হবে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং ঢাকা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাঁদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তাঁরা কৃতজ্ঞ। কিন্তু তাঁরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। তাঁদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারের নিজ বাড়িতে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি বিশেষ বার্তা সমাবেশে পড়ে শোনান জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মেরেঝনিয়াক। বার্তায় গুতেরেস আইসিজের রায়কে রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তিদের দুর্ভোগের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটানোর ওপরও জোর দেন তিনি।

২০১৯ সালে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেয়। ২০১৭ সালে উত্তর রাখাইনে দেশটির সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা সংঘটিত হয়েছে বলে আদালত সিদ্ধান্ত দেয়। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের পক্ষে ও ৬ জনের বিপক্ষে মতের ভিত্তিতে এ সিদ্ধান্ত আসে। আইসিজের ইতিহাসে গণহত্যা সংঘটনের জন্য কোনো রাষ্ট্রকে দায়ী করার ঘটনা এটিই প্রথম।

পূর্ববর্তী নিবন্ধ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি