কর্ণফুলীতে ওসি তদন্ত পরিচয়ে ফোন করে চাঁদা দাবির অভিযোগ

পুলিশের জিডি, বাকলিয়ায় ফোনের অবস্থান শনাক্ত

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ওসি (তদন্ত) পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। মসজিদ উন্নয়ন ও থানার অবকাঠামো উন্নয়নের কথা বলে টাকা চাওয়া হয়। এ ঘটনায় ব্যবহৃত ০১৩৫৪–১৬৪২৩১ মোবাইল নম্বরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে নম্বরটির অবস্থান চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক ১৯ নভেম্বর এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, ০১৩৫৪–১৬৪২৩১ নম্বর থেকে কর্ণফুলী থানাধীন বিভিন্ন ব্যক্তিকে ফোন করে নিজেকে পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) পরিচয় দেওয়া হয়। পরে মসজিদ উন্নয়ন, থানার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন অজুহাতে বিকাশ নম্বরে বিভিন্ন অংকের টাকা পাঠানোর অনুরোধ করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতারণার কাজে ব্যবহৃত নম্বরটির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে কর্ণফুলীর সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

জানা গেছে, এর আগেও কর্ণফুলী থানার বিভিন্ন সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নাম ভাঙিয়ে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করেছে ও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সচিবসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু নতুন আক্রান্ত ৬০