আধঘণ্টারও কম সময়ের বৃষ্টিতে জলজট হয়েছে নগরের কাপাসগোলা ও কাতালগঞ্জে। এতে দুর্ভোগ ও ভোগান্তি হয়েছে পথচরীদের।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় নগরের আকাশ। ছিল মেঘের গর্জন তথা বজ্রপাত। এর কিছুক্ষণ পর শুরু হয় ঝুম বৃষ্টি। অবশ্য বৃষ্টির স্থায়ীত্ব ছিল অল্প সময়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০–২৫ মিনিটের বেশি ছিল না বৃষ্টির স্থায়িত্ব।
এদিকে বৃষ্টির স্থায়িত্ব কম হলেও জলজট হয়েছে কাপাসগোলা ও কাতালগঞ্জে। বৃষ্টি বন্ধ হওয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে বহাদ্দারহাট–চকবাজার সড়কের কাপাসগোলায় গোড়ালির বেশি পানি দেখা গেছে।
এর আগে কাতালগঞ্জ বৌদ্ধ মন্দির ও কাতালগঞ্জ আবাসিক এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। কাতালগঞ্জ আবাসিক এলাকায় হাঁটুর বেশি পানি ছিল। এ সময় কায়সার নামে এক পথচারী আজাদীকে বলেন, অল্প বৃষ্টিতেই পানি জমে গেল। দুর্ভোগ বুঝি আমাদের ছাড়বে না।
জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের আওতায় হিজরা খালের উন্নয়ন কাজ চলছে। খালটি প্রবাহিত হয়েছে কাপাসগোলা আবাসিক এলাকার ভেতর দিয়ে। মূলত উন্নয়ন কাজের কারণে কয়েকটি স্পটে বাধাগ্রস্ত হয়ে খালে পানি প্রবাহ কিছুটা কমে গেছে। এজন্য সাময়িক জলজট হয়েছে কাপাসগোলা ও কাতালগঞ্জে।
এদিকে পতেঙ্গা আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরে ১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।











