গাঁয়ের শেষে সবুজ মাঠে নিত্য চলত খেলা
খেলা শেষে ফিরতাম বাড়ি ডুবে গেলে বেলা।
গাছের ডালে কোকিল বসে ডাকত মধুর সুরে
মন পাখিটা ডানা মেলে ছুটতো অনেক দূরে।
নীল আকাশে মেঘের দেশে উড়ত রঙিন ঘুড়ি
বন্ধুরা সব হাসি গানে করতাম হুড়োহুড়ি।
বোঁ বোঁ করে লাটিম ঘুরত খেলতাম সবাই মিলে
দুপুর হলেই নাইতে ছুটতাম গাঁয়ের খালে–বিলে।
চাঁদনি রাতে গানের আসর বসতো গাঁয়ের মাঝে
জারি–সারি কিসসা পালা আজও কানে বাজে।
প্রজাপতি ফড়িং ধরতে ঘুরতাম ফুলের বনে
সেই সোনালি স্মৃতির কথা আজও ভাসে মনে।
ইচ্ছে করে আবার যদি ফিরে পেতাম তাকে
দুরন্ত সেই ছেলেবেলা আজো আমায় ডাকে।










