জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততাও নেই। ঠিক এই সময়ই অনেকটা হুট করে ক্যারিবিয়ানের ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। সেই ডাকে সাড়া দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে দেশ ছেড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে গায়ান অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন মিরাজ। বিমানে বসে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে শনিবার সকালে তিনি লিখেছেন, ‘নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।’ সিপিএলে আগে কখনও খেলেননি মিরাজ। সেদিক থেকে এটি নতুন চ্যালেঞ্জই। তবে সিপিএলে তার পা পড়েছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিনগুলিতেই। ২০১৭ সালে তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। গত বছরের পাকিস্তান সুপার লিগেও মিরাজকে নিয়েছিল লাহোর কালান্দার্স। তবে সেখানেও তার মাঠে নামা হয়নি। অবশেষে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান তিনি গত জুলাইয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্যালান্টসের হয়ে অবশ্য আসরটি মোটেও ভালো কাটেনি তার।
চার ম্যাচ খেলার পর একাদশেও জায়গা হারিয়েছিলেন। এবার ভিন্ন করে কিছু দেখানোর সুযোগ তার সামনে। গায়ানা তাকে নিয়েছে মূলত মোহাম্মদ নবির বদলি হিসেবে। আফগান এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে সিরিজের জন্য যোগ দেবেন জাতীয় দলে। মিরাজের তাই খেলার সুযোগ আসতে পারে এবার। দেশ ছাড়ার আগে মিরাজ জেনে গেছেন, এ দিন ভোরেই জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে তার দল গায়ানা। গতবারের রানার্স আপরা এবার আসরের শুরুটা দুর্দান্ত করেছে পাঁচ ম্যাচের সবকটিই জিতেছে।












