বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড নক আউট পর্বে প্রথম ৪টি ম্যাচ গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। দ্বিতীয় রাউন্ডের ১ম দিনে জয় পেয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়, আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ ও চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। এর মধ্যে শেষ ৩টি ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ৫–০ গোলে হালিশহর মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. ইয়াছিন ২টি ও মো. আফজাল, শাহরিয়ার আলী, মো. আরজু ১টি করে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে স্কুলের মো. ইয়াছিনের হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য ও সংগীত শিল্পী আসাদুর রহমান। সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৩–১ গোলে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ০–০ গোলে ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আইয়ুব বিবি স্কুলের গোলরক্ষক শামীমের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায় যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ টাইব্রেকারে ৪–২ গোলে সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১–১ গোলে ড্র হয়। যাত্রা মোহনের পক্ষে সন্জয় দাশ এবং সরাইপাড়ার পক্ষে জাহিদুল ইসলাম গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ যাত্রা মোহন সেন স্কুলের সঞ্জয় দাশের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ কে খান। বিকাল দিনের ৪র্থ ও শেষ ম্যাচে চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩–২ গোলে হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ০–০ গোলে ড্র ছিল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ চর চাক্তাই স্কুলের মো. রামিমের হাতে পুরস্কার তুলে দেন চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য।












