তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার প্রসার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ–সভাপতি মোহাম্মদ আছিফ চৌধুরী। হাটহাজারীর গড়দুয়ারায় ড. শহীদুল্লাহ একাডেমী প্রাঙ্গণে ড. শহীদুল্লাহ একাডেমী প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এবং গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ–সভাপতি ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী। ড. শহীদুল্লাহ একাডেমী প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের সভাপতি আবদুল মাবুদ তালুকদারের সভাপতিত্বে এবং সমাজসেবক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: পারভেজ সাজ্জাদ চৌধুরী, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, ড. শহীদুল্লাহ একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং একাডেমীর প্রধান শিক্ষক আলমগীর হোসেন।











